কয়লা সরবরাহ কমাতে বাধ্য হতে পারে কোল ইন্ডিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি পরিস্থিতি উন্নয়নে ভারত সরকার যখন তৎপর, তখনই কোল ইন্ডিয়ার সাড়ে তিন লাখ শ্রমিক-কর্মচারী তিন দিনের ধর্মঘটের হুমকি দিয়েছে। আর এই হুমকি ভারতে সাময়িকভাবে জ্বালানি ঘাটতি তৈরি করবে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে। এটি প্রবৃদ্ধিকেও ব্যাহত করতে পারে।
এই ‘আধা ধর্মঘট’ ডাকার কারণ হলো কোল ইন্ডিয়ার ১০ শতাংশ শেয়ার ব্যক্তি খাতে বিক্রি করে দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেসরকারীকরণ পরিকল্পনা অনুসারে রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানের ১০ শতাংশ শেয়ার বিক্রি করে আগামী বছর ৪০০ কোটি ডলার অর্জিত হবে। বর্তমানে কোল ইন্ডিয়ার ৯০ শতাংশের মালিক ভারত সরকার।
কোল ইন্ডিয়া গত সপ্তাহেই বোম্বে স্টক এক্সচেঞ্জে এক বিবৃতি পাঠিয়েছে। এতে বলা হয়েছে যে প্রতিষ্ঠানে পাঁচটি ট্রেড ইউনিয়ন সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিন দিন ‘ওয়ার্ক টু রুল’ অনুসরণ করবে। এর মানে হলো, শ্রমিক-কর্মচারীরা পুরোদমে কোনো কর্মবিরতি পালন করবেন না, কিন্তু কাজ কমিয়ে দেবেন।
শিল্পকারখানায় দাবি আদায়ের জন্য শ্রমিকেরা অনেক সময় এ ধরনের কর্ম পদ্ধতি অনুসরণ করেন, যেখানে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুসারে ন্যূনতম পরিমাণ কাজ করা হয়। অনেক ক্ষেত্রে কাজের গতি এতটাই শ্লথ করে দেওয়া হয় যে খুব সামান্যই উৎপাদন হয়।
এর ফলে শুধু ভারতের রাষ্ট্রীয় জ্বালানি কারখানাগুলোই নয়, আডানি পাওয়ার ও টাটা পাওয়ারের মতো ব্যক্তি খাতের বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলোও বিপাকে পড়তে পারে। কেননা, এসব প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া থেকে তাদের জ্বালানির কয়লা সংগ্রহ করে থাকে।
আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক ক্রেডিট সুইসের হিসাবে, এই মুহূর্তে ভারতের ৫০টির বেশি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রে সাত দিনের কম কয়লা মজুত আছে। বলা হচ্ছে, এটি হলো ২০০৮ সালের পর সবচেয়ে বড় জ্বালানি ঘাটতি। বেশ অনেক দিন ধরেই কোল ইন্ডিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় এই পরিস্থিতি দেখা দিয়েছে। এ অবস্থায় যদি কোল ইন্ডিয়ার কয়লা উৎপাদন ও সরবরাহ তিন দিন ব্যাহত হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।
ভারতের নতুন প্রজন্মের ব্যক্তি খাত জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গত এক দশকে ব্যাপক বিনিয়োগ করেছে। কিন্তু অভ্যন্তরীণ কয়লা উৎপাদন তাদের চাহিদা সেভাবে মেটাতে পারছে না।
আবার সরকার যেন ২১৮টি কয়লা খনির লাইসেন্স বেসরকারি মালিকানা থেকে সরকারি মালিকানায় ফিরিয়ে নেয়, সেই দাবিও অন্তর্ভুক্ত আছে এই কর্মসূচিতে। গত মাসে ভারতীয় সুপ্রিম কোর্ট বেসরকারি কোম্পানিকে এসব লাইসেন্স প্রদান অবৈধ ঘোষণা করে।
সুপ্রিম কোর্টের এই রায় বাস্তবায়িত হলে গোটা ভারতের এক-দশমাংশ কয়লা উৎপাদনে স্থবিরতা নেমে আসতে পারে। কেননা, বেসরকারিভাবে এই খনিগুলো আর কয়লা উত্তোলন ও সরবরাহ করতে পারবে না।
নয়াদিল্লিভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ট্রাস্টেড সোর্সের গবেষণা পরিচালক অমিতাভ দুবে বলেন, ‘এই খাতের সংস্কার কার্যক্রম সাফল্যের সঙ্গে আটকে দেওয়ার ইতিহাস কয়লাখনির ইউনিয়নগুলোর রয়েছে। এখন মনে হচ্ছে, সরকারের সঙ্গে একটা সংঘাত দেখা দেবে।’
এদিকে ভারতের কয়লা ও বিদ্যুৎবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী পিউস গয়াল খোলাবাজারে কয়লা বিক্রির ওপর যে সীমা আরোপ করেছেন, তা কতটুকু সুফল নিয়ে আসবে, সেই প্রশ্ন দেখা দিয়েছে। এ বছরের জুলাই মাসে মন্ত্রী নির্দেশ দিয়েছেন যে চলতি অর্থবছরে নিলামের মাধ্যমে খোলাবাজারে কোল ইন্ডিয়া সর্বোচ্চ আড়াই লাখ টন কয়লা বিক্রি করতে পারবে। গত অর্থবছরের এভাবে বিক্রির পরিমাণ ছিল পাঁচ লাখ ৮০ হাজার টন।
যেহেতু চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (এপ্রিল থেকে জুলাই) খোলাবাজারে ইলেকট্রনিক নিলামের মাধ্যমে এক লাখ ৭০ হাজার টন কয়লা বিক্রি করেছে, তাই মন্ত্রীর নির্দেশের পর আগস্ট মাসে কোল ইন্ডিয়া খোলাবাজারে কোনো কয়লা বিক্রি করেনি।
কোল ইন্ডিয়ার মোট আয়ের উল্লেখযোগ্য অংশ আসে খোলাবাজারে বিক্রি করে। ২০১৩-১৪ অর্থবছরে প্রতিষ্ঠানটির কর-পূর্ববর্তী মুনাফা ছিল ১৫ হাজার ৪২০ কোটি রুপি। এর এক-চতুর্থাংশ এসেছে খোলাবাজারে বিক্রি থেকে।
খোলাবাজারে বিক্রি কমিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো অবশিষ্ট কয়লা যেন বিদ্যুৎ খাতে সরবরাহ করা যায়। তাতে বিদ্যুৎ খাতের জ্বালানি সংকট কমে আসবে। কিন্তু ২০০৭ সাল থেকে ইস্পাত ও সিমেন্ট শিল্প বিদ্যুৎ খাতের মতো কয়লার নিশ্চিত সরবরাহ পায় না। ফলে খোলাবাজারের ওপর তাদের নির্ভর করতে হয়।
কিন্তু বিদ্যুৎ খাতে এভাবে বাড়তি কয়লা সরবরাহ নিশ্চিত করা যাবে কি না, তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিবছর অক্টোবর মাসে কোল ইন্ডিয়ার কয়লা উৎপাদনের ব্যস্ততম সময় শুরু হয়। তবে কয়লা পরিবহনে রেলওয়ের সক্ষমতার ঘাটতি থাকায় প্রতিবছরই খনিগুলোতে একপর্যায়ে কয়লার স্তূপ জমে যায়। এবার খোলাবাজারে বিক্রি কম হলে বাড়তি কয়লার পরিমাণ বেড়ে যেতে পারে।
২০০৩ থেকে ২০১২ পর্যন্ত কোল ইন্ডিয়ার উৎপাদন এক কোটি ২৯ লাখ টন। এর ৪০ শতাংশই স্তূপাকারে জমে গিয়েছিল। পরের দুই বছরে খোলাবাজারে বিক্রি করে তা অনেকটাই কমানো সম্ভব হয়েছিল।
আর তাই সরকারের নতুন সিদ্ধান্ত কোল ইন্ডিয়ার জন্য নতুন সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকে।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস ও বিজনেস লাইন।