নতুন সপ্তাহেও অস্থিরতার মধ্য দিয়েই শুরু হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের পুঁজিবাজারের লেনদেন। গত সপ্তাহের ধসের আতঙ্ক এখনো যেন তাড়িয়ে বেড়াচ্ছে দেশটির বিনিয়োগকারীদের। চলতি সপ্তাহেও দেশটির পুঁজিবাজার অস্থির থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেয়ারবাজারের সাম্প্রতিক বিপর্যয় ও তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নিয়ে অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগে চীনা কর্তৃপক্ষ ১৯৭ জনকে শাস্তি দিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে স্টক মার্কেটের একজন কর্মকর্তা ও একজন সাংবাদিকও আছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
চীনের প্রধান শেয়ারবাজার সাংহাই স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবারও দরপতন ঘটেছে। দিন শেষে এই বাজারের মূল সূচক সাংহাই সমন্বিত সূচক শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৩২০৬ পয়েন্টে নেমে এসেছে। তবে দিনের শুরুতে তা ৩ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছিল।
গতকাল এশিয়ার বড় শেয়ারবাজারগুলোতেও সূচকের পতন ঘটে। হংকংয়ের হেংসেং সূচক শূন্য দশমিক ৩ শতাংশ, জাপানের নিক্কেই ২২৫ সূচক ১ দশমিক ৩ শতাংশ কমেছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স সূচক কমেছে ১ দশমিক ১ শতাংশ।
১৯৭ জনের শাস্তি: সিনহুয়া জানায়, শেয়ারবাজারে দরপতনের কারণে বেইজিংয়ে এক ব্যক্তি লাফিয়ে পড়ে মারা যান এবং তিয়ানজিনে বিস্ফোরণে ১ হাজার ৩০০ লোক নিহত হয়েছে বলে গুজব ছড়ানো হয়। এ জন্য ১৯৭ জনের শাস্তি হয়।
গত ১২ আগস্ট তিয়ানজিনে সংঘটিত ওই বিস্ফোরণে ১৫০ জন নিহত এবং আহত ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত দুই সপ্তাহ চীনা শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটেছিল। বিশেষ করে গত সপ্তাহের শুরুতে সোমবার তো এক দিনেই সাংহাই সমন্বিত সূচক ৮ শতাংশ পড়ে যায়। এর প্রভাবে এশিয়া-ইউরোপসহ বিশ্ব পুঁজিবাজারেও বিশাল পতন ঘটে। সে জন্য বিশ্ব গণমাধ্যমগুলো দিনটিকে কালো সোমবার বা ‘ব্ল্যাক মানডে’ বলে উল্লেখ করছে। এর আগে ১৯৮৭ সালের ১৯ অক্টোবর সোমবারও বিশ্ব পুঁজিবাজারে বড় ধস নেমেছিল, যা ‘ব্ল্যাক মানডে’ নামে পরিচিত। সূত্র: বিবিসি।