গুজরাটে শিল্প প্লট দেখতে যাচ্ছেন ব্যবসায়ীরা
ভারতে বাংলাদেশি পোশাকপণ্যের গুদাম ও বিতরণকেন্দ্র স্থাপনে বিজিএমইএর দেওয়া প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে দেশটির সরকার জানিয়েছে, গুজরাটে শিল্প প্লট ফাঁকা আছে। তবে সেখানে গুদাম ও বিতরণকেন্দ্রের পাশাপাশি তৈরি পোশাক কারখানাও করতে হবে।
কারখানা স্থাপনের নতুন এই শর্তে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর অমত নেই। তাই ভারত সরকারের আমন্ত্রণে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করতে গুজরাট সফরে যাচ্ছে পাঁচ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। আগামী ২৩ থেকে ২৫ আগস্ট তিন দিনের সফরে সরেজমিনে প্লট দেখার পাশাপাশি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদলটি। সফরের অংশ হিসেবে নয়াদিল্লিতেও যাওয়ার কথা রয়েছে তাদের।
প্রতিনিধিদলের সদস্যদের নাম গতকাল মঙ্গলবার চূড়ান্ত করা হয়েছে। এতে থাকছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক মোহাম্মদ নাসির ও সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিনিয়োগ প্রস্তাবে ভারত ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে এক দেশ থেকে অন্য দেশে বিনিয়োগ করতে হলে অনেকগুলো প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। গুজরাট সফর সেই প্রক্রিয়ারই একটি অংশ।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৬ জুন দুই দিনের সফরে বাংলাদেশে আসেন। পরদিন ব্যবসায়ীদের সঙ্গে সোনারগাঁও হোটেলে বৈঠক করেন তিনি। এতে বাংলাদেশ-ভারতের বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনার এক ফাঁকে মোদির কাছে তাঁর দেশে পোশাকপণ্যের জন্য গুদাম ও বিতরণকেন্দ্র স্থাপনে গুজরাটে ৫০ বিঘা জমি বরাদ্দ চান আতিকুল ইসলাম। একই সঙ্গে ভারতে এক হাজার বিক্রয়কেন্দ্র স্থাপনে আগ্রহ প্রকাশ করেন বিজিএমইএর সভাপতি। ভারতের প্রধানমন্ত্রী প্রস্তাব পেয়ে তাৎক্ষণিকভাবেই ইতিবাচক মনোভাব দেখান।
এরপর ১৪ জুন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনকে তাঁর কার্যালয়ে গিয়ে বিনিয়োগের আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বিজিএমইএ। এতে পণ্যের গুদাম ও বিতরণকেন্দ্র স্থাপনে একখণ্ড জমি বরাদ্দ চাওয়া হয়। এ জন্য ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। বিজিএমইএ, বিকেএমইএ এবং অন্যদের নিয়ে গঠন করা হবে একটি কোম্পানি। এ ছাড়া প্রস্তাবটিতে ভারতের বিভিন্ন শহরে এক হাজার বিক্রয়কেন্দ্র করার পরিকল্পনাও ছিল। এসব হলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ কোটি ডলার বৃদ্ধি পাবে বলে মনে করেন বিজিএমইএর নেতারা।
সে সময় আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, ‘জমি বরাদ্দ পেলে তিন মাসের মধ্যে পণ্যের গুদাম ও বিতরণকেন্দ্র নির্মাণ করা সম্ভব। ভারতে এই প্রকল্প যদি সফল হয়, তবে আমরা চীন ও রাশিয়ায় এ ধরনের বিনিয়োগ করার জন্য অগ্রসর হব।’
সূত্র জানায়, আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাওয়ার পর ভারতীয় হাইকমিশন বিজিএমইএকে চিঠি দেয়। এতে গুজরাটে শিল্প প্লট ফাঁকা থাকার বিষয়টি উল্লেখ করার পাশাপাশি সেখানে পোশাক কারখানা স্থাপনের বিষয়টি উল্লেখ করা হয়। একই সঙ্গে বিজিএমইএর একটি প্রতিনিধিদলকে গুজরাট ও নয়াদিল্লি পরিদর্শনে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। পরে বিজিএমইএর নেতারা ও হাইকমিশনের কর্মকর্তারা আলাপ-আলোচনার মাধ্যমে ২৩ থেকে ২৫ আগস্টের সফরসূচি চূড়ান্ত করেন। এ সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক হবে।
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, ‘আমরা গুজরাটে প্লটের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা দেখব। এ ছাড়া সেখানকার স্থানীয় নিয়মকানুন ও কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কি না, সেসবেরও খোঁজ-খবর নেব। পরে নয়াদিল্লিতে গিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে।’