গোটা ভারতে অভিন্ন করব্যবস্থা চালু

ভারত এখন এক দেশ, এক করব্যবস্থার বাজার, যা কার্যকর হলো উদ্যোগ নেওয়ার দীর্ঘ ১৭ বছর পর। ‘গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স’ বা ‘পণ্য ও সেবা কর’ (জিএসটি) নামের নতুন এই ব্যবস্থা চালু হওয়ার ফলে ভারতের রাজ্যে রাজ্যে করের হারে কোনো পার্থক্য থাকল না।
শুক্রবার রাতে ঘড়ির কাঁটা ১২টার ঘর ছুঁতেই ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বোতাম টিপে আনুষ্ঠানিকভাবে গোটা ভারতের জন্য এই একক বা অভিন্ন করব্যবস্থার উদ্বোধন করেন। এ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানী দিল্লিতে পার্লামেন্ট বা সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হলে।
এত দিন ভারতের ২৯টি রাজ্যের একেকটিতে করের হার ও ধরন ছিল একেক রকম। এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য কেনাবেচা এবং পরিবহনেও ছিল প্রতিবন্ধকতা। সে জন্য সব রাজ্য এখন অভিন্ন জিএসটির আওতায় চলে আসায় এটাকে স্বাধীন ভারতে পরোক্ষ কর-এ সবচেয়ে বড় সংস্কার বলে দাবি করেছেন মোদি।
তবে জিএসটিকে মেনে নেয়নি জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল ও বামপন্থী রাজনৈতিক দলগুলো। তারা উদ্বোধন অনুষ্ঠানে না গিয়ে বাইরে থেকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
অনুষ্ঠানে নরেন্দ্র মোদি জিএসটিকে ‘গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স’ বা ‘ভালো ও সহজ করব্যবস্থা’ হিসেবে আখ্যায়িত করেন। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, জিএসটি চালুর ফলে রাজ্যে রাজ্যে করের হারের তারতম্য থাকল না। এতে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে। ফলে গরিব মানুষেরা আরও বেশি উপকৃত হবেন।
রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেন, ‘জিএসটি ভারতীয় অর্থনীতিতে আমূল পরিবর্তন ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার্ঘ্য। অর্থমন্ত্রী হিসেবে এমন একটি সংস্কারের সূচনাকালে যুক্ত থাকতে পারা আমার কাছে গর্বের বিষয়।’ সাবেক কংগ্রেস সরকারের অর্থমন্ত্রী থাকাকালে তিনি সংসদে প্রথম জিএসটি বিল উত্থাপন করেছিলেন।
রাষ্ট্রপতি আরও বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। করব্যবস্থায় নতুন যুগ আসছে। কেন্দ্র ও রাজ্যগুলোর মধ্যে ব্যাপক অর্থে ঐকমত্যের ফলেই এমন সংস্কার হয়েছে।
কংগ্রেস সরকারে থাকাকালে জিএসটি বিল সংসদে উঠলেও এখন তীব্র বিরোধিতা করছে। দলটির সাধারণ সম্পাদক রাহুল গান্ধী জিএসটিকে মোদির ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’ বলে আখ্যায়িত করেন। তাঁর অভিযোগ, খাপছাড়াভাবে প্রস্তুতিহীন অবস্থায় সংস্কার শুরু করতে গিয়ে সেটাকে ‘তামাশা’য় পরিণত করেছে কেন্দ্রীয় সরকার।
নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে জিএসটির বিরুদ্ধে দীর্ঘদিন গলা ফাটিয়েছেন বলেও কটাক্ষ করেছে কংগ্রেস।
জিএসটির কড়া সমালোচনা করে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার ওপর একটা বড় আঘাত। ১৯৪৭ সালের ১৪ আগস্ট মধ্যরাতে দেশ স্বাধীনতা পেয়েছিল। আর ২০১৭ সালের ৩০ জুন মধ্যরাতে দেশের স্বাধীনতা আর গণতন্ত্র চরম বিপদের মুখে পড়ল। দেশজুড়ে আবার ‘ইন্সপেক্টর রাজ’-এর প্রহসন চালু করল কেন্দ্রীয় সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি আরও বলেন, ‘দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চলেছি। এটি কোনো একটি দলের বা সরকারের কৃতিত্ব নয়। সবার যৌথ প্রয়াসের ফল হলো এই জিএসটি।’
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ‘ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি আমরা। এক দেশ, এক কর, এক বাজারব্যবস্থা চালু হচ্ছে।’
এদিকে জিএসটিকে স্বাগত জানিয়েছে ভারতের বিভিন্ন ব্যবসায়িক সমিতি। এর মধ্যে রয়েছে সিআইআই, অ্যাসোচেম, পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ফিকি) ইত্যাদি।
জিএসটির আওতায় নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের ওপর কর সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। এসব পণ্যের মধ্যে আছে—প্যাকেট না করা খাদ্যশস্য, তাজা শাকসবজি, ব্র্যান্ডহীন আটা, ময়দা, বেসন, গুড়, দুধ, ডিম, দই, নুন, প্যাকেটহীন পনির, ব্র্যান্ডহীন প্রাকৃতিক মধু, তালের গুড়, শিশুদের আঁকার ও রঙিন বইপত্র, কাজল, ফুলঝাড়ু, শিক্ষা ও স্বাস্থ্যসেবা ইত্যাদি।