গ্রাহকের গোপনীয়তা রক্ষা ও তথ্যের নিরাপত্তা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে আলোচনার বড় বিষয়বস্তু হয়েছে গ্রাহকের তথ্যের নিরাপত্তা। সারা বিশ্বেই এটি আলোচিত বিষয়। তথ্য-উপাত্তের নিরাপত্তা কেউ দিতে পারছে না। সবকিছু ফাঁস হয়ে যাচ্ছে। একই সঙ্গে থাকছে না গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তাও।
কংগ্রেসের আলোচনায় বিশ্বজুড়ে মোবাইল শিল্পের নানা সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা আসছে, একই সঙ্গে উঠছে বিভিন্ন চ্যালেঞ্জ ও উদ্বেগের কথা। আলোচনা হয়েছে ফাইভ-জি নিয়ে, তারবিহীন ফোর-জিকে আরও এগিয়ে নিতেও। সবাই চাইছেন সরকারগুলো যেন কম নিয়ন্ত্রণ করে। বলছেন, বিশ্ব যে গতিতে এগোচ্ছে, রাজনীতিবিদদেরও তাঁর সঙ্গে তাল মেলাতে হবে।
মোবাইল ফোনের বার্ষিক এ অনুষ্ঠান ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ২০১৫-এ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৯০ হাজার মানুষ জড়ো হয়েছেন। বার্সেলোনা কয়েক বছর ধরেই জিএসএমএ মোবাইল ফোনের রাজধানীতে পরিণত হয়েছে। গতকাল সোমবার হয়ে গেল এর উদ্বোধন। বিশ্বের মোবাইল ফোন কোম্পানিগুলোর নেতাদের মিলনস্থল এটি।
পুরো অনুষ্ঠানস্থল সম্ভবত চার দিনেও ঘুরে দেখা সম্ভব নয়। জায়গাটার নাম ফিরা গ্রান ভিয়া। উদ্বোধন ছিল সকাল নয়টায়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য দি এজ অব ইনোভেশন বা উদ্ভাবনের তীক্ষ্মতা। উদ্বোধনের আনুষ্ঠানিকতা কিছু নেই। বলা যায় প্রতিপাদ্য নিয়ে প্যানেল আলোচনা, আর সেটাই উদ্বোধন।
টেলিনরের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডারিক বাকসাস একই সঙ্গে মোবাইল কংগ্রেসের আয়োজন জিএসএম অ্যাসোসিয়েশন বা জিএসএমএর চেয়ারম্যান। উদ্বোধনী আলোচনাপর্বে তিনি ছিলেন অন্যতম বক্তা। সঙ্গে ডয়েসে টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা টিমোথিউস হটজে, টেলিফোনিয়ার নির্বাহী চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সিজার এলিয়েরটা ও ভোডাফোনের প্রধান নির্বাহী ভিট্টোরিও চোলাও। আর এর সঞ্চালক ছিলেন জিএসএমএর মহাপরিচালক এনে বউভেরোট।
আলোচনার এই পর্বটি থেকেই বোঝা গেল এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু। জন ফ্রেডারিক বাকসাস জানান, বিশ্বে মোবাইল শিল্প এখন মূলত চালিত হচ্ছে ইন্টারনেটের ব্যবহারের দিকে। বিশ্বে এখন ২০০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ২০২০ সাল নাগাদ তা ৩৮০ কোটিতে নিয়ে যেতে হবে। তিনি গ্রাহকদের উপাত্তের নিরাপত্তা ও গ্রাহকদের গোপনীয়তা রক্ষাকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বললেন, এ জন্য অপারেটর ও নিয়ন্ত্রক উভয়কেই কাজ করতে হবে।
ভোডাফোনের প্রধান নির্বাহী ভিট্টোরিও চোলাও নিরাপত্তা এবং গোপনীয়তার কথাই বললেন বেশি করে। একই সঙ্গে তিনি উদ্বেগ জানিয়ে বলেন, জিহাদিস্টরা তাঁদের নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে সামাজিক মাধ্যম ফেসবুকের মাধ্যমে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ডয়েসে টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা টিমোথিউস হটজে একটি ডেটা প্রটেকশন বা উপাত্ত সংরক্ষণ আইন করার আহ্বান জানান।
সম্মেলনটি চলবে চার দিন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৯০ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা। আবার সাংবাদিকও আছেন ৮৪টি দেশের চার হাজার।
এবারের সম্মেলনে সবার চোখ থাকবে নিঃসন্দেহে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এরই মধ্যে এমন সব সেবা দিতে শুরু করেছে, যা মোবাইল ফোন কোম্পানিগুলো দিয়ে আসছিল। ভাইবারে কথা বলা যায়, পাঠানো যায় খুদে বার্তা। একই ধরনের সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপ আবার কিনে নিয়েছে ফেসবুক। সুতরাং কার কতটুকু সীমারেখা সে আলোচনা চলছে এক বছর ধরেই। সবারই ধারণা, এবারও এ নিয়ে আলোচনা আরও জোরালো হবে। আজ সন্ধা ছয়টায় মার্ক জাকারবার্গকে নিয়ে আলোচনাপর্ব থাকবে। এ সময় জিএসএমএ চেয়ারম্যান জন ফ্রেডারিক বাকসাসও থাকবেন। পাঁচ ঘণ্টা সময়ের পার্থক্যের জন্য বাংলাদেশের পাঠকদের এক দিন অপেক্ষা করতেই হচ্ছে।
সম্মেলনের আরেকটি অংশ হচ্ছে মন্ত্রী পর্যায়ের অধিবেশন। এ জন্য বিভিন্ন দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরাও এখানে আসেন। বাংলাদেশ থেকে এসেছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ।
নানা আলোচনার পাশাপাশি চলছে বিশাল একটি প্রদর্শনী। মোবাইল শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এক বা একাধিক স্টল দিয়েছেন এখানে। তবে সম্মেলনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব হচ্ছে নতুন নতুন ঘোষণা। এরই মধ্যে কোরিয়ার বড় প্রতিষ্ঠান স্যামসাং নতুন গ্যালাক্সি এস৬ ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এ ফোনটি আবার বাঁকানো যায়। স্যামসাং গ্যালাক্সি এস৫ নিয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি। তাই আইফোনের কাছ থেকে বাজার নিতে তারা নিয়ে এসেছে এস৬। মোবাইল কংগ্রেসের চার দিনে সনি, মাইক্রোসফট, নকিয়াসহ বড় বড় কোম্পানি নতুন নতুন ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছে। আরও ঘোষণা থাকবে নানা ধরনের স্মার্টওয়াচ ও অ্যাপসের। সাধারণ মানুষের আগ্রহ যে নতুন নতুন পণ্যের ঘোষণার প্রতি তা-ও বোঝা গেল। দেখা যাচ্ছে, সাংবাদিকেরা উদ্বোধন বা বক্তৃতা লেখার চেয়ে কে কী পণ্যের ঘোষণা দিচ্ছে, সেগুলো লিখে পাঠাতেই যেন বেশি আগ্রহী। ভোক্তা বলে কথা। ভোক্তারা তো এগুলোই বেশি জানতে চাইবে।