গ্রিস সংকটে বিশ্ব জিডিপির প্রবৃদ্ধি কমবে
চলমান গ্রিস সংকটসহ নানা সমস্যার কারণে চলতি বছরে বিশ্ব জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি কমে ৩ শতাংশে নেমে আসবে। এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ (এনআইইএসআর)।
এর আগে চলতি বছরের মে মাসে গবেষণা প্রতিষ্ঠানটি বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নত দেশের প্রবৃদ্ধি কম হওয়ায় সার্বিক প্রবৃদ্ধি কমবে বলে মনে করছে এনআইইএসআর। তবে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি আড়াই শতাংশে অপরিবর্তিত রেখেছে প্রতিষ্ঠানটি। একইভাবে ইউরো জোনের দেশগুলোর প্রবৃদ্ধিও একই থাকবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
এনআইইএসআর বলছে, গ্রিসের অর্থনীতির দেউলিয়া অবস্থা বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় ঝুঁকির কারণ। এশিয়ায় চীনের প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে না বলে মনে করে এনআইইএসআর। সূত্র: বিবিসি