গ্রিসের ঋণ-আলোচনা ভেঙে গেছে

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঋণদাতা দেশগুলোর সঙ্গে গ্রিসের ঋণ-সংক্রান্ত আলোচনা ভেঙে গেছে। ঋণদাতাদের প্রস্তাব অনুযায়ী গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস রাষ্ট্রের পক্ষ থেকে নাগরিকদের দেওয়া পেনশন বা অবসর ভাতা কাটছাঁট করতে রাজি না হওয়ায় আলোচনা ভেঙে যায়।
তবে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত এই আলোচনা গত রোববার ভেঙে গেলেও আলেক্সিস সিপ্রাস আন্তর্জাতিক ঋণদাতাদের আরও ‘বাস্তববাদী’ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাঁর সরকার এখন ধৈর্য সহকারে অপেক্ষা করবে।
এদিকে ঋণদাতাদের সঙ্গে সমঝোতা না হওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে গ্রিসের শেয়ারবাজারে। রাজধানী এথেন্সভিত্তিক শেয়ারবাজারের প্রধান মূল্যসূচক এটিজি গতকাল সোমবার ৫ শতাংশ পড়েছে। গত শুক্রবারও এটিজি সূচকের ৫ দশমিক ৯ শতাংশ পতন ঘটে।
ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র অবশ্য বলেছেন, গ্রিসের সঙ্গে ইইউর ঋণদাতাদের রোববারের আলোচনায় অগ্রগতি হলেও ‘বড় ধরনের মতপার্থক্যও’ রয়েছে।
ইইউর সদস্যরা চায়, গ্রিস সরকার যেন ব্যয় ২০০ কোটি ইউরো কমিয়ে তাদের কাছ থেকে ৭০০ কোটি ইউরোর আর্থিক পুনরুদ্ধার তহবিল নেওয়ার চুক্তি করে। এই তহবিল নিয়ে তিন মাস ধরেই ইইউর ঋণদাতাদের সঙ্গে গ্রিসের আলোচনা চলছে।
এদিকে গ্রিস সরকারকে চলতি জুন মাসের মধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পরিশোধে ১৫০ কোটি ইউরো দিতে হবে।
ঋণদাতারা গ্রিসকে পেনশন বা অবসর ভাতা কাটছাঁট করা ছাড়াও মূল্য সংযোজন করসহ (ভ্যাট) রাজস্ব খাতের সংস্কারের শর্ত দিয়ে রেখেছে। কিন্তু গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস দেশ ও জনগণের আত্মমর্যাদার কথা উল্লেখ করে বিশেষ করে অবসর ভাতা কমাতে রাজি নন।
ইইউর সঙ্গে রোববার মাত্র ৪৫ মিনিটের মধ্যেই আলোচনা ভেঙে যায়। তবে গ্রিসের উপপ্রধানমন্ত্রী ইয়ান্নিস দ্রাগাসাকিস জানান, তাঁরা আবারও ঋণদাতাদের সঙ্গে বসতে রাজি।
জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জেনস উইডম্যান গ্রিসকে সতর্ক করে বলেন, ‘সময় বয়ে যাচ্ছে। গ্রিসকেই এখন করণীয় ঠিক করতে হবে।’
আইএমএফের প্রধান অর্থনীতিবিদ অলিভার ব্ল্যানচার্ড একটি ব্লগে লেখেন, উভয় পক্ষকেই চুক্তির জন্য ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হবে এবং জোর প্রতিশ্রুতি দিতে হবে।
ইসির একজন মুখপাত্র জানান, এ সংস্থার প্রেসিডেন্ট জ্যাঁ ক্লদ মনে করেন যে গ্রিসের দিক থেকে সংস্কারের জোরালো প্রতিশ্রুতি এবং সবার পক্ষ থেকে রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই মাস শেষ হওয়ার আগেই চুক্তি হতে পারে।
গ্রিসের অর্থনীতি বর্তমানে কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির জিডিপির বিপরীতে ঋণের অনুপাত দাঁড়িয়েছে ১৭৭ শতাংশ। আর ২০১০ সাল থেকে এ পর্যন্ত দেশটির জিডিপির আকার ২৫ শতাংশ কমেছে। দেশটিতে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ২৬ শতাংশ।
বর্তমানে গ্রিসের কাঁধে ৩২ হাজার কোটি ইউরোর ঋণের বোঝা রয়েছে। এর মধ্যে ইউরোপীয় দেশগুলো দিয়েছে ২৪ হাজার ইউরো। এ ছাড়া জার্মানি পাবে পাঁচ হাজার ৬০০ কোটি ইউরো। সূত্র: বিবিসি।