গ্রিসের শুধু নতুন ঋণসুবিধাই নয় মওকুফও দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসকে শুধু নতুন ঋণই নয়, সেই সঙ্গে ঋণ মওকুফ-সুবিধাও দেওয়া প্রয়োজন। দেশটিকে ইউরোপীয় ঋণদাতারা তৃতীয় দফায় ঋণ দিতে ঐকমত্য হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের প্রতি এমন আহ্বানই জানালেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন ল্যাগার্দ।
গ্রিস করহার বৃদ্ধি ও ব্যয় কমানোর শর্তে রাজি হওয়ায় ইউরোজোন তৃতীয় দফায় গ্রিসকে অর্থনৈতিক পুনরুদ্ধারে (বেইল আউট) ৮৬ বিলিয়ন বা ৮ হাজার ৬০০ কোটি ইউরো ঋণ দিতে রাজি হয়েছে। আগামী তিন বছরে এই ঋণ দেবে ইউরোজোন।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্রিস্টিন ল্যাগার্দ গ্রিসকে ঋণ দেওয়ার ব্যাপারে দেশটির সঙ্গে সমঝোতায় পৌঁছায় ইউরোজোনকে স্বাগত জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, গ্রিসকে ঋণ দিলেও সেটা টেকসই হচ্ছে না। সে জন্য তিনি দেশটির নেওয়া উল্লেখযোগ্য পরিমাণ ঋণ মওকুফ করার আহ্বান জানান। তিনি বলেন, গ্রিসের একার পক্ষে কর্মপরিকল্পনা নিয়ে ঋণ টেকসই করা সম্ভব নয়।
এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে বিবিসির সাংবাদিক অ্যাডাম ফ্লেমিং জানান, ইউরোজোনের অর্থমন্ত্রীদের আসন্ন বৈঠকে গ্রিসের নেওয়া ঋণের একটি অংশ রাইট-অফ বা অবলোপন (মওকুফ) করার সিদ্ধান্ত নিতে পারেন।
ইউরোজোন গ্রিসকে ৮ হাজার ৬০০ কোটি ইউরো ঋণ দেওয়ার যে চুক্তি করেছে, সে অনুযায়ী প্রথম ধাপে ২৬ বিলিয়ন বা ২ হাজার ৬০০ কোটি ইউরো ছাড় করা হবে। এর মধ্যে দেশটির ব্যাংকগুলো মূলধনের জোগান হিসেবে ১ হাজার কোটি ইউরো পাবে, বাকি ১ হাজার ৬০০ ইউরো দেওয়া হবে কয়েক কিস্তিতে। এই ঋণ পাওয়ার পরে গ্রিসকে ২০ আগস্টের মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) পাওয়া ঋণ পরিশোধে ৩২০ কোটি ইউরো দিতে হবে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৮টি দেশের মধ্যে ১৯টি দেশকে নিয়ে গঠিত হয় ইউরোজোন, যারা একক মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে।
গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসকে ঋণ-সংকট ও ইউরোজোনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে যেমন অনেক বেগ পোহাতে হয়েছে, তেমনি দেশেও রাজনৈতিক বিরোধিতার মুখে পড়তে হয়েছে। এমনকি নিজের বামপন্থী দল সিরিজা পার্টির ৪০ জনেরও বেশি এমপি গত শুক্রবার ঋণচুক্তির বিপক্ষে ভোট দেন। তবে প্রধানমন্ত্রী অবশ্য বিরোধী দলের সমর্থন পেয়ে উতরে যান। বিবিসি অবলম্বনে