চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আবার ঘুরে দাঁড়িয়েছে জাপানের অর্থনীতি। এ সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৪ শতাংশ। আলোচ্য সময়ের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ধরা হয়েছিল দেড় শতাংশ। অর্থনৈতিক বিশ্লেষকেরা বলছেন, প্রথম প্রান্তিকে জাপানের এ প্রবৃদ্ধি অত্যন্ত ইতিবাচক। কমপ্লিটর ইনটেলিজেন্স নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের গবেষক টনি ন্যাশ বলেন, অর্থনীতির এ ঘুরে দাঁড়ানোয় মনে হচ্ছে দেশটি সঠিক পথেই আছে। এ ঘটনা প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মুখে হাসি ফোটাবে। তাঁর নেওয়া পদক্ষেপ যে কার্যকর হয়েছে, এটি প্রমাণিত হয়েছে। জাপানের ঘুরে দাঁড়ানোর কারণ হিসেবে অভ্যন্তরীণ অর্থনীতিতে প্রাণ সঞ্চারকেই মূল কারণ হিসেবে দেখানো হয়েছে। উচ্চ করের কারণে মানুষের ব্যয় করার প্রবণতা গত বছরে কমলেও এ বছরে তা আবার বাড়ছে। ব্যক্তি খাতে ব্যয় বৃদ্ধি ও মূলধন খাতে ব্যয় আলোচ্য প্রান্তিকে দশমিক ৪ শতাংশ বেড়েছে। তবে মূলধনি ব্যয়ে প্রবৃদ্ধি বাড়লেও তা প্রত্যাশার চেয়ে কম ছিল। উৎপাদন খাতেও এ সময় ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। এ সময়ে উৎপাদন খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশ। সূত্র: বিবিসি