চরম দারিদ্র্যের দিকে এগিয়ে চলেছে আফগান অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরম দারিদ্র্যের মুখে পড়বে আফগানিস্তানের মানুষ—এমন আশঙ্কা করছেন বিশ্লেষকেরা
ছবি: রয়টার্স

আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত পদক্ষেপ না নিলে কয়েক সপ্তাহের মধ্যে ভেঙে পড়তে পারে আফগান অর্থনীতি। তালেবানরা নিয়ন্ত্রণ নেওয়ার আগেই নগদভিত্তিক অর্থনীতিটি সংগ্রাম করছিল। আর এখন তালেবানদের আকস্মিক অধিগ্রহণ দেশের আর্থিক অবস্থা অচল করে রেখেছে। সম্পদ হিমায়িত করা হয়েছে, ব্যাংক বন্ধ এবং গুরুত্বপূর্ণ বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থায় আফগান অর্থনীতি চরম দারিদ্র্যের দিকে এগিয়ে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গণমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্লেষকেরা বলছেন, তালেবানরা রাতারাতি পরিস্থিতি ঘুরিয়ে ফেলবে, এমন সম্ভাবনা খুবই কম। আফগানিস্তান ব্যাংকস অ্যাসোসিয়েশন গত সোমবার ফেসবুকে ঘোষণা করে যে তালেবানরা হাজি মোহাম্মদ ইদ্রিসকে কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে।

সাবেক উপ–অর্থমন্ত্রী গুল মাকসুদ সাবিত বলেন, তিনি কখনো ইদ্রিসের নাম শোনেননি। গুল মাকসুদ সাবিত বর্তমানে ক্যালিফোর্নিয়ায় থাকেন এবং একটি কমিউনিটি কলেজে প্রভাষক হিসেবে কাজ করছেন। তিনি বলেন, ‘এই ব্যক্তি তালেবান অর্থনৈতিক কমিশনে কাজ করেছেন। তিনি পাকিস্তানের একটি ধর্মীয় বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং সেখান থেকেই তিনি এসেছেন। এই ব্যক্তির সম্পর্কে আমরা এতটুকুই জানি। এখন তিনি কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করছেন। তাঁর বোধ হয় কোনো অভিজ্ঞতা নেই।’

তালেবানরাও ইদ্রিসের অর্থনীতি বা ব্যাংকিংয়ে অভিজ্ঞতার কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। পরে গত বুধবারে তালেবানরা ঘোষণা করে যে সব সরকারি কর্মচারীকে আগের মতো বেতন দেওয়া হবে। আফগানিস্তান পর্যবেক্ষক এবং আর্থিক বিশেষজ্ঞরা বলেছেন, এটিই সর্বশেষ লক্ষণ যে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ছাড়া, দেশটির অর্থনীতি সাম্প্রতিক সপ্তাহের তুলনায় আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

ছবি: রয়টার্স

১৫ আগস্ট প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার পতনের কিছুদিন পর, আফগান মুদ্রার দর মার্কিন ডলারের বিপরীতে প্রায় ৮ শতাংশ কমে যায়। তবে পরে ১৭ আগস্ট থেকে স্থানীয় মুদ্রা তুলনামূলকভাবে স্থিতিশীল হয়। কারণ, এটি কার্যত হিমায়িত করে রাখা হয়েছে। এখন দেশের ভেতরে বা দেশের বাইরে অর্থ স্থানান্তর করা প্রায় অসম্ভব। ফলে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। ব্যাংক খোলা না থাকায় প্রতিদিনের বাণিজ্যও কঠিন হয়ে পড়েছে।

গুল মাকসুদ সাবিত বলেন, কোনো বিনিময় হচ্ছে না, মানুষের কাছে নগদ আছে, তবে ব্যাংক এটি ধরে রেখেছে। তিনি মনে করেন, একটি উল্লেখযোগ্য পরিবর্তন ছাড়া, আফগানরা যাদের অধিকাংশই দারিদ্র্যসীমার নিচে বাস করে, তারা কষ্ট ভোগ করবে। তিনি বলেন, চরম দারিদ্র্য থাকবে। যদি আন্তর্জাতিক স্বীকৃতির মতো ঘটনা না ঘটে, সেখানে চরম দারিদ্র্য থাকবে। এবং মারাত্মক অভিবাসন হবে।

এদিকে বিশ্বব্যাংকের মুখপাত্র মার্সেলা সানচেজ-বেন্ডার এক বিবৃতিতে বলেন, ‘আমরা আফগানিস্তান পরিস্থিতি এবং দেশের উন্নয়ন সম্ভাবনা, বিশেষ করে নারীদের ওপর কী প্রভাব পড়তে যাচ্ছে, সে সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন।’

বিশ্বব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এর আগে ১৯৯২ থেকে ২০০২ সাল পর্যন্ত আফগানিস্তানে কার্যক্রম বন্ধ করে দিয়েছিল তারা। ২০০২ সাল থেকে উন্নয়ন ও জরুরি পুনর্গঠন প্রকল্পের জন্য মোট ৫৩০ কোটি ডলারের বেশি অর্থ প্রদান করেছে বিশ্বব্যাংক। আফগান অর্থনীতি প্রায় পুরোপুরি নগদভিত্তিক। ধারণা করা হয়, দেশটির মাত্র ১০ শতাংশ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তবে বিশ্বব্যাংকের মতে, অর্থনীতি মূলত বৈদেশিক সাহায্যের দ্বারা প্রসারিত হয়েছিল। গত এপ্রিলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তার সীমা ও সময়কাল এবং তালেবানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির ফলাফল সম্পর্কে অনিশ্চয়তা আত্মবিশ্বাস আরও কমিয়ে দিয়েছে, যার ফলে বিনিয়োগ আরও কমেছে।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আতিফ মিয়া টুইটারে উল্লেখ করেন যে সাম্প্রতিক বছরগুলোতে আফগান দারিদ্র্য বেড়েছে। তিনি বলেন, বিদেশি অর্থ কৃত্রিমভাবে দেশীয় ব্যয়ের শক্তি বাড়িয়েছে। কৃত্রিম এই অর্থে যে এটি বাড়তি অভ্যন্তরীণ উৎপাদনশীলতার সঙ্গে জড়িত নয়।

কাবুল পতনের পর থেকে দেশের ভেতরে বা দেশের বাইরে টাকা স্থানান্তর অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দুটি কোম্পানি, যার মাধ্যমে মানুষ সাধারণত টাকা পাঠায়, ওয়েস্টার্ন ইউনিয়ন ও মানিগ্রাম, আফগানিস্তানের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছে। শতাব্দীপ্রাচীন পদ্ধতি হাওয়ালাস (ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ ব্যবসা) নেটওয়ার্ক, প্রায় বন্ধ হয়ে গেছে বলেও জানা গেছে।

বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, কেউ চাইলেও এখন আফগানিস্তানে ব্যবসা করতে পারবেন না। এ ছাড়া তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, যার অর্থ যুক্তরাষ্ট্রে থাকা বিলিয়ন বিলিয়ন ডলার রিজার্ভ ফান্ড তারা ব্যবহার করতে পারবে না।