চলতি বছর উদীয়মান এশিয়ার প্রবৃদ্ধি হবে ৬.৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরসহ আগামী ২০১৮ সালে এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সময়ে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে ৩ শতাংশের আশপাশে থাকবে বলে ধারণা করছে বহুজাতিক সংস্থাটি। আইএমএফ প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০১৭’-এর সর্বশেষ সংস্করণে এই পূর্বাভাস তুলে ধরা হয়েছে। 

আইএমএফ গত জুনে এক পূর্বাভাসে বলেছিল, চলতি ২০১৭-১৮ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি হবে। আর গত ২০১৬-১৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। যদিও সরকারের হিসাব অনুযায়ী, গত অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৪ শতাংশ।

এশিয়ার উদীয়মান অর্থনীতি চীনের বিষয়ে আইএমএফ বলছে, চলতি বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি গত বছরের মতোই ৬ দশমিক ৭ শতাংশ হবে। তবে আগামী বছর সেটি কিছুটা কমে ৬ দশমিক ৪ শতাংশ হবে।

এই অঞ্চলের আরেক উদীয়মান অর্থনীতির দেশ ভারতের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নোটবন্দীর মতো আর্থিক সংস্কারের ধাক্কা সামলে আগামী দুই বছরে জিডিপির প্রবৃদ্ধি বাড়বে দেশটির। চলতি বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ, ২০১৮ সালে তা আরও বেড়ে ৭ দশমিক ৭ শতাংশ হবে। মূলত ব্যাপক অভ্যন্তরীণ উন্নয়ন কর্মকাণ্ড এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর ইতিবাচক প্রবৃদ্ধির কারণে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় থাকবে বলে মনে করে আইএমএফ।

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি চলতি বছর কমে যাবে বলে আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ায় থাকা যুক্তরাজ্যের জিডিপি প্রবৃদ্ধিও চলতি বছর কমে যাবে বলে আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে। এ বছর দেশটির প্রবৃদ্ধি ১ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ, যা গত বছর ছিল ১ দশমিক ৮ শতাংশ। সংস্থাটি মনে করছে, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিটের সিদ্ধান্ত দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ মরিস অবসফেল্ড বলেন, ব্রেক্সিটের সিদ্ধান্ত যে যুক্তরাজ্যের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে, সেটা এই বছরের প্রথম ছয় মাসের তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়েছে।