চীন ও যুক্তরাষ্ট্র থেকে ১০ লক্ষাধিক গাড়ি প্রত্যাহার করবে ফক্সভাগেন

জার্মানির প্রসিদ্ধ গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান ফক্সভাগেন চীন ও যুক্তরাষ্ট্রের বাজার থেকে ১০ লক্ষাধিক গাড়ি প্রত্যাহার করবে। পেছনের অ্যাক্সেলে ত্রুটি থাকায় গাড়িগুলো প্রত্যাহার করা হবে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
ফক্সভাগেন জানিয়েছে, ফক্সভাগেনের যুক্তরাষ্ট্র ইউনিট বাজার থেকে চার লাখ জেটা সেডান মডেলের এবং ৪২ হাজার বিটল মডেলের গাড়ি প্রত্যাহার করবে। এগুলো ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে তৈরি। বিষয়টি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রান্সপোর্ট সেফটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হয়েছে বলে কোম্পানির ওই মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।
ওই মুখপাত্র জানান, ‘আমরা সন্দেহ করছি দুর্ঘটনার সময় অ্যাক্সেল ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও অ্যাক্সেল নিরাপদ, বিষয়টি আমরা নিশ্চিত না হওয়ায় গাড়িগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরও অ্যাক্সেল ক্ষতিগ্রস্ত হলে গ্রাহকেরা তা নির্ধারিত দোকন থেকে মেরামত করিয়ে নিতে পরবেন।’

অন্যদিকে একই সমস্যার কারণে চীনে পাঁচ লাখ ৮১ হাজার ৯০টি গাড়ি প্রত্যাহার করা হবে। ১৯৮০ সাল থেকে চীনে যৌথভাবে গাড়ি প্রস্ত্তত করে আসছে ফক্সভাগেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।
চীনা কর্তৃপক্ষ জানায়, গত আগস্টে এ বিষয়ে একটি তদন্ত চালায় কর্তৃপক্ষ। ওই তদন্ত, গ্রাহকদের দাবি ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে গাড়িগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফক্সভাগেন ও চীনা এফএডব্লিউ গ্রুপ করপোরেশন যৌথভাবে ব্যবসা চালিয়ে আসছে।