চীনসহ উন্নয়নশীল বিশ্বে বাড়ছে ই-পেমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যের বিনিময়মূল্য পরিশোধে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রনিক বা ই-পেমেন্ট ব্যবস্থা। নগদ টাকা বহন করার ঝামেলা ও ঝুঁকি থেকে রেহাই পেতে অনেকেই এখন ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন। উত্তর আমেরিকা ও ইউরোপের মতো উন্নত বিশ্বের পাশাপাশি উন্নয়নশীল বিশ্বের দেশগুলোতেও এই ব্যবস্থা জনপ্রিয় হয়ে উঠছে।
ফ্রান্সভিত্তিক বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যাপজেমিনি ও রয়েল ব্যাংক অব স্কটল্যান্ডের সম্প্রতি মূল্য পরিশোধবিষয়ক এক বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদন বলছে, ২০১৩ সালে কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করার ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ২০ শতাংশের বেশি, যেখানে নগদ অর্থের মাধ্যমে এই প্রবৃদ্ধির পরিমাণ মাত্র সাড়ে ৫ শতাংশ।
প্রতিবেদনে বলা হচ্ছে, ই-পেমেন্ট মাধ্যম ব্যবহার করে মূল্য পরিশোধে আগামী পাঁচ বছরের মধ্যে শীর্ষস্থানটি দখল করবে চীন। আর্থিক পরিমাণের ভিত্তিতে এই মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বর্তমানে শীর্ষ অবস্থানে আছে উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলো।
এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১২ সালে ই-পেমেন্ট ব্যবহারের যে প্রবৃদ্ধি হয়েছে, তার অর্ধেকের বেশি হয়েছে উন্নশীল বিশ্বের দেশগুলোতে। তবে আর্থিক পরিমাণের দিক দিয়ে তা বিশ্বের মোট লেনদেনের মাত্র ২৫ শতাংশ।
বিশ্বব্যাপী ই-পেমেন্ট ব্যবহার করে মূল্য পরিশোধে ২০১১ সালে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৬ শতাংশ। ২০১২ সালে এই প্রবৃদ্ধি কমে দাঁড়ায় ৭ দশমিক ৭ শতাংশে। এ সময় ইউরোপ ও উত্তর আমেরিকা অঞ্চলের প্রবৃদ্ধি কম হওয়ায় বৈশ্বিক প্রবৃদ্ধিও কমেছে বলে মনে করা হচ্ছে।
চীন ও রাশিয়ার মতো উন্নয়নশীল দেশগুলোতে ২০১২ সালে এ মাধ্যম ব্যবহারে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৩২ ও ২৬ শতাংশ, গড় বৈশ্বিক প্রবৃদ্ধির তুলনায় যা অনেক বেশি। ই-পেমেন্ট ব্যবহারে ব্যাপক অবকাঠামো উন্নয়ন দেশ দুটির এই উচ্চ প্রবৃদ্ধির বড় কারণ। ২০১১ সালের পর থেকে রাশিয়ায় এ খাতে অবকাঠামো উন্নয়ন হয়েছে ২৩ শতাংশ।
তবে সব মিলিয়ে এ ক্ষেত্রে সবচেয়ে দ্রুত উন্নতি করেছে চীন। ২০১১-১২ সালে চীনে ডেবিট কার্ডের সংখ্যা বেড়েছে ২০ শতাংশের বেশি। আর বৈদ্যুতিক মূল্য পরিশোধ ও পণ্য বেচা-কেনার ব্যবস্থা পয়েন্ট অব সেলসের (পিওএস) সংখ্যা বেড়েছে ৪০ শতাংশের বেশি।
মূলত ই-কমার্স প্রতিষ্ঠানগুলো পিওএস ব্যবস্থা ব্যবহার করে থাকে। এই ব্যবস্থা ব্যবহার করে চীনের শীর্ষ ১০টি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ২০১২ সালে ৬০ লাখ ইউনিটের বেশি পণ্যের লেনদেন সম্পন্ন করেছে। এই সংখ্যা বিশ্বের এ পদ্ধতিতে লেনেদেন হওয়া মোট পণ্যের ৩১ শতাংশ।
প্রতিবেদনটি বলছে, আলিবাবার মতো বড় আকারের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কারণেই এই খাতে চীনের বিশ্বয়কর অগ্রগতি হয়েছে। ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে চীনে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর ব্যবসা বেড়েছে ৭০ শতাংশ। চলতি বছরের শুরুতে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
চীনের পাশাপাশি অন্যান্য উন্নয়নশীল দেশেও ই-পেমেন্ট ব্যবস্থার ব্যবহার ক্রমেই বাড়ছে। ২০১২ সালে মধ্য ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোয় ২৪, উদীয়মান এশিয়ায় ২৩ ও লাতিন আমেরিকায় ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এই প্রতিবেদনে কিছু বিস্ময়কর তথ্যও উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনযায়ী, ২০১২ সালে প্রথাগত ব্যাংক চেকের ব্যবহার সারা বিশ্বে কমেছে সাড়ে ৯ শতাংশ। কিন্তু যুক্তরাষ্ট্রে ব্যাংক চেকের ব্যবহার এখনো বেশ জনপ্রিয়। দেশটিতে ২০১২ সালে অর্থ লেনদেনে এক হাজার ৮০০ কোটি ব্যাংক চেক ব্যবহৃত হয়েছে, যা সারা বিশ্বে মোট ব্যাংক চেক ব্যবহারের ৬৫ শতাংশ।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস