চীনা অর্থনীতির মন্থরগতিতে বৈশ্বিক প্রবৃদ্ধি হুমকির মুখে
চীনের অর্থনীতিতে মন্থরগতি ও শেয়ারবাজারে অব্যাহত অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সংস্থাটি বলছে, চীনা অর্থনীতির মন্থরতা অন্যান্য দেশের ওপর ধারণার চেয়েও বেশি বিরূপ প্রভাব ফেলছে। কারণ চীনের সংকটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ও কপার বা তামাসহ বিভিন্ন পণ্যের দাম কমে গেছে। যে কারণে ব্রাজিল ও রাশিয়াসহ পণ্য রপ্তানিকারক দেশগুলোর জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠছে।
২০টি বড় অর্থনীতির দেশকে নিয়ে গঠিত গ্রুপ অব টোয়েন্টি বা জি২০ জোটের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের প্রাক্কালে গতকাল বৃহস্পতিবার আইএমএফ বিশ্বকে সতর্ক করে দিল। তুরস্কের রাজধানী আঙ্কারায় আজ শুক্রবার শুরু হবে এই জোটের দুই দিনব্যাপী বৈঠক।
আইএমএফের মতে, বর্তমানে যে সমস্যা চলছে তাতে বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধি কমবে। চলতি বছরে বিশ্ব অর্থনীতিতে সামগ্রিকভাবে ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হবে। গত ২০১৪ সালে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ।
তবে আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, এ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ২ দশমিক ৫ শতাংশে উন্নীত হবে, যা গত বছর ছিল ২ দশমিক ৪ শতাংশ। ইউরো জোনের প্রবৃদ্ধিও গত বছরের শূন্য দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ৫ শতাংশে উঠবে। সূত্র: বিবিসি।