চীনা অর্থনীতির মন্থরতায় উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে শিল্প খাতের উৎপাদন মন্থর হয়ে পড়েছে। চলতি বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশটির শিল্প খাতে উৎপাদন প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ। এটি ২০০৮ সালে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক সংকটের পরে এ খাতে দেশটির সর্বনিম্ন প্রবৃদ্ধি।
এদিকে চীনা অর্থনীতির এই মন্থরতা বৈশ্বিক অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবশ্য অর্থনীতির মন্থর গতি কাটিয়ে উঠতে চীন চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে দেশটি বিনিয়োগ ও রপ্তানি-নির্ভরতা থেকে কনজ্যুমার স্পেন্ডিং বা ভোগব্যয়ের বৃদ্ধির পথে হাঁটছে।
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন চীনের অর্থনৈতিক মন্থরতাকে ‘ঝুঁকির বিপজ্জনক ককটেল’ বলে আখ্যায়িত করেছেন। এতে বিশ্ব অর্থনৈতিক সংকটের পুনরুদ্ধার-প্রক্রিয়া ব্যাহত হবে, এমনটাই তিনি মনে করেন।
শুধু শিল্প খাতের উৎপাদনেই ভাটা পড়েনি, সেই সঙ্গে চীনের পণ্য রপ্তানিও দুরবস্থায় পড়েছে। গত ফেব্রুয়ারি মাসে রপ্তানি আয় আগের বছরের একই মাসের চেয়ে ২৫ দশমিক ৪ শতাংশ কমেছে। এটি ২০০৯ সালের পরে চীনা রপ্তানিতে সবচেয়ে পড় পতন। গত জানুয়ারিতে দেশটির রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ২ শতাংশ কমেছিল।
এ ছাড়া চলতি বছরের প্রথম দুই মাসে দেশটিতে রিটেইল বা খুচরা বিক্রির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ২ শতাংশ কমেছে, যা বিশ্লেষকদের ধারণার চেয়ে কম। তাঁরা ১০ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি আশা করেছিলেন।
এদিকে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার গভর্নর জো জিয়াউচুয়ান বলেছেন, আর্থিক পুনরুদ্ধারে কোনো রকম পদক্ষেপ না নিয়েও সরকার আগামী পাঁচ বছর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সাড়ে ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে। সূত্র: বিবিসি।