
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) রিজার্ভ মুদ্রা হিসেবে মর্যাদা পেয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের ইউয়ান। মার্কিন ডলার, ইউরো জোনের একক মুদ্রা ইউরো, জাপানি ইয়েন ও ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের পর ইউয়ানই হলো আইএমএফের পঞ্চম রিজার্ভ মুদ্রা।
আইএমএফের নির্বাহী পর্ষদ চলতি সপ্তাহে চীনা ইউয়ানকে রিজার্ভ মুদ্রা হিসেবে গ্রহণের এই সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী ২০১৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে। সংস্থাটি বলেছে, রিজার্ভ মুদ্রা হিসেবে মর্যাদা পাওয়ার সব মানদণ্ডই রয়েছে ইউয়ানের।
বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে চীনা অর্থনীতির এই সমন্বয়কে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন আইএমএফের প্রধান ক্রিস্টিন ল্যাগার্দ। একই সঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মুদ্রানীতিসহ আর্থিক ব্যবস্থায় সংস্কারেরই স্বীকৃতি পেল চীন।
ডলার, ইউরো, পাউন্ড ও ইয়েনের পাশাপাশি ইউয়ানও আইএমএফের সম্পূরক আন্তর্জাতিক রিজার্ভ বা মজুত সম্পদ, যা এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস) নামে পরিচিত। সদস্য দেশগুলোর সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতের সম্পূরক আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ১৯৬৯ সালে এসডিআর চালু করা হয়। প্রতি পাঁচ বছর পরপর আইএমএফ বিশ্বের অন্য কয়েকটি প্রধান মুদ্রার বিনিময় হারের ভিত্তিতে এসডিআর মুদ্রাগুলোর মূল্যমান নির্ধারণ করে থাকে।
এসডিআর বাস্কেট বা ঝুড়িতে সর্বোচ্চ ৪১ দশমিক ৭৩ শতাংশ জুড়ে রয়েছে মার্কিন ডলার। অন্য মুদ্রাগুলোর হিস্যা বা অংশ হচ্ছে—ইউরো জোনের মুদ্রা ইউরো ৩০ দশমিক ৯৩ শতাংশ, ব্রিটিশ পাউন্ড ৮ দশমিক শূন্য ৯ শতাংশ, জাপানি ইয়েন ৮ দশমিক ৩৩ শতাংশ এবং নবীনতম সদস্য চীনা ইউয়ান ১০ দশমিক ৯২ শতাংশ।
আইএমএফের সঙ্গে সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে এসডিআর মুদ্রা ব্যবহৃত হয়। বিশেষ করে আইএমএফ যখন কোনো দেশকে আর্থিক সহায়তা দেয়, তখনই মূলত এটি ব্যবহৃত হয়ে থাকে।
এদিকে কিছু বিশ্লেষক বলেছেন, আগামী ২০৩০ সাল নাগাদ মার্কিন ডলার ও ইউরো জোনের ইউরোর সঙ্গে চীনা ইউয়ানই হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক মুদ্রা।
আইএমএফের কর্মকর্তাদের কেউ কেউ বলছেন, অন্যান্য মুদ্রার জন্যও এসডিআর ঝুড়িতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রাখা উচিত। অবশ্য এ বিষয়ে পরবর্তী পর্যালোচনা অনুষ্ঠিত হবে ২০২১ সালে। সূত্র: বিবিসি, ব্লুমবার্গ বিজনেস ও উইকিপিডিয়া