চীনা ভোক্তার চাপে বিশ্ব অর্থনীতি ঝাঁকুনি খাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনাকাটা করছেন চীনা ক্রেতারা l ছবি: ফোর্বসের সৌজন্যে
কেনাকাটা করছেন চীনা ক্রেতারা l ছবি: ফোর্বসের সৌজন্যে

কিছুদিন ধরেই চীনের অর্থনৈতিক গতি মন্থর হয়ে পড়েছে বলে আলোচনা হচ্ছে। আগে দেশটিতে ১০ শতাংশের ওপর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার থাকত। গেল পাঁচ বছর ধরে ৬ থেকে ৭ শতাংশে আটকে আছে। তবে অর্থনৈতিক দৃষ্টিতে চীনের এই শ্লথ প্রবৃদ্ধি কোনো মন্দার পূর্বাভাস নয় বলেই মনে করেন বিশ্লেষকেরা।

এমনটাই বলছেন জেফরি টওসন তাঁর দ্য ওয়ান আওয়ার চায়না কনজ্যুমার বুক-এ। ছোট ছোট বিশ্লেষণে তিনি বুঝিয়েছেন চীনের জিডিপি প্রবৃদ্ধির হার কমলেও তা বিশ্ব অর্থনীতির জন্য খুব বেশি শঙ্কার নয়।

বর্তমানে চীনের ভোগ ব্যয় কিছুটা ঝিমিয়ে পড়লেও তা ভবিষ্যৎ অর্থনীতির মূল চাহিদাকেই নির্দেশ করছে। ২০২০ সাল নাগাদ প্রায় ৪০ কোটি নতুন ভোক্তার চাহিদা তৈরি হবে দেশটিতে, যাকে মূলধারার ভোক্তা বা মধ্যবিত্ত শ্রেণি বলা যেতে পারে। এই বিপুল জনগোষ্ঠীর বার্ষিক আয় ১৬ হাজার ডলার থেকে ৩৪ হাজার ডলারের মধ্যে থাকবে। এদের চাহিদা বিশ্ব অর্থনীতিতে একটা বড় ঝাঁকুনি দেবে বলেই মনে করেন জেফরি টওসন। তিনি মনে করেন, চীনের এই মধ্যবিত্ত শ্রেণির উত্থান নতুন ‘কনজ্যুমার ফোর্স’ তৈরি করছে।

অর্থনৈতিক গতি শ্লথ হয়ে পড়ছে-লাগাম ধরতে চীনা সরকারও নজর দিচ্ছে জনগণের চাহিদা বা তাদের ভোগের দিকে। বেইজিং জানে গত দশকগুলোতে বিনিয়োগ, সস্তা রপ্তানি এবং গ্রাম থেকে শহরমুখী অভিবাসনের কারণে প্রবৃদ্ধির লক্ষ্য পূরণ হলেও প্রবৃদ্ধির হার বাড়াতে নতুন কোনো অনুপ্রেরণা প্রয়োজন। এ অবস্থায় চীনা নীতিনির্ধারকদের জন্য সুসংবাদ হলো ভোক্তার ব্যয় দিন দিনই বাড়ছে চীনে।

গ্লোবাল কনজিউমার রিসার্চ প্রতিষ্ঠান ইউরো মনিটর মনে করে, ২০৩০ সাল নাগাদ বিশ্ববাজারে ভোক্তা চাহিদার প্রতিনিধিত্ব করবে চীন। বর্তমানে বিশ্বের প্রায় ৪৩টি দেশের প্রধান রপ্তানি গন্তব্য হলো চীন। অন্যদিকে ৩২টি দেশের প্রধান রপ্তানি গন্তব্য হলো যুক্তরাষ্ট্র। কয়েক বছর ধরে চীনের ভোক্তাদের আচরণে পরিবর্তন এসেছে। সামর্থ্য যত বাড়ছে ততই পরিবর্তন আসছে ভোক্তার রুচি ও অভ্যাসে। কিছুদিন আগেও কেবল প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করতেন চীনা নাগরিকেরা। এখন মধ্যবিত্ত শ্রেণির অনেকেই ঝুঁকছেন ব্র্যান্ড ও মানের দিকে। নজর দিচ্ছেন স্ট্যাটাস অনুযায়ী পণ্য কেনায়। আর এ ধরনের ক্রেতাদের দিকেই নজর দিচ্ছে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো।

ভবিষ্যতে বিশ্বের চাহিদার বা ভোগের নেতৃত্ব দেবে চীনা জনগণ, যার ফলেই গতিশীল থাকবে অর্থনীতি। ‘ভোগ’ সব সময়ই অর্থনৈতিক গতি ত্বরান্বিত করে। জনগণের ক্রয়ক্ষমতা বাড়লে অর্থনীতির সক্ষমতা বৃদ্ধি পায়। বিশ্বে চীনের জনগণের চাহিদার আরও কিছু বিশ্লেষণ করেন টওসন।

স্বাস্থ্যসেবা

২০৩০ সাল নাগাদ চীনে ৬০ বছর বয়সী জনগোষ্ঠীর সংখ্যা হবে প্রায় সাড়ে ৩৪ কোটি, যা ২০১৩ সালের চেয়ে প্রায় ৮০ শতাংশ বেশি। বয়স্ক মানুষ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে স্বাস্থ্যসেবার চাহিদা। সেই হিসাবে ২০১৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত ১৫ বছরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে বিশ্বের স্বাস্থ্য ও সেবাপণ্য খাতে। কারণ, চীনের স্বাস্থ্যসেবা-ব্যবস্থা তাদের দেশের এই বিপুল চাহিদা মোকাবিলা করতে একেবারেই প্রস্তুত নয়। যদিও চীনা সরকার এ খাতে ব্যয় বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে। তবে টওসন মনে করেন, চীনের হাসপাতালগুলো অন্য যেকোনো দেশের হাসপাতালগুলো থেকে পিছিয়ে আছে। চিকিৎসাসেবার জন্য ভোক্তারা অবশ্যই বাইরের দেশগুলোর দিকে ঝুঁকবে। গেল কয়েক দশকে বিশ্বে চিকিৎসাসেবায় ব্যাপক উন্নতি করেছে সিঙ্গাপুর ও ভারত। চীনা চাহিদার প্রভাব এই দুই দেশে পড়বে বলেই মনে করেন টওসন।

বিপুল ভোক্তার বাজার চীন যেকোনো বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা আদায় করতে পারে। তাই চীনের অর্থনৈতিক শ্লথগতিকে কি অর্থনৈতিক মন্দা বলা যেতে পারে? ২০১৫ সালের তথ্য অনুযায়ী চীনের মোট ঋণের পরিমাণ বেড়ে তাদের অর্থনীতির আকার তথা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৪৭ শতাংশ হয়েছে। এরপরও বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার সমাধান করা অসম্ভব। সরকার যদি কোনো পরিবর্তন আনার কথা না ভাবে, তাহলে মূলধনের অপব্যবহার হতেই থাকবে। মধ্যবিত্তদের সম্পদে আঘাত পড়বে। তবে এটা অস্বীকার করার উপায় নেই, যেকোনো গুরুতর অর্থনৈতিক সংকট চীনের বিপুল চাহিদা থামিয়ে দিতে পারে। অনেক বিশ্লেষকই মনে করছেন, বিশ্ব অর্থনীতিতে একটা সংকট তৈরি হচ্ছে। তবে ২০০৮ সালের মতো কোনো অর্থনৈতিক মন্দা আসছে, এটা বলা যায় না। চীনের চাহিদা এই সংকটে বাঁধ হিসেবে দাঁড়িয়ে থাকবে।