চীনে আমদানি করা পোশাকের মান নিয়ে প্রশ্ন
বিশ্বের নামকরা কয়েকটি ব্র্যান্ডের পোশাকের মান ও নিরাপত্তা নিয়ে চীনে প্রশ্ন উঠছে। কারণ দেশটিতে আমদানি হওয়া পোশাকের ৯৭ শতাংশ মান পরীক্ষায় পাস করতে পারেনি। এমন কয়েকটি ব্র্যান্ড হচ্ছে এইচঅ্যান্ডএম, জারা, ম্যাঙ্গো, ফর এভার ২১।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে। চীনের মান পর্যবেক্ষণ ও পরীক্ষণ কর্তৃপক্ষের একটি প্রতিবেদনে এ সম্পর্কে বলা হয়, ২০১৪ সালের প্রথম ছয় মাসে চার কোটি ৭৭ লাখ ডলার মূল্যের ১২ হাজার ৩০৫টি আমদানি চালান পরীক্ষা করা হয়েছে। কিন্তু এগুলো মান উত্তীর্ণ হতে পারেনি।
চীনা কর্তৃপক্ষ বলছে, তৈরি পোশাক যদি ক্রেতাদের স্বাস্থ্যের জন্য অথবা পরিবেশের জন্য ক্ষতিকারক হয়, তাহলে এগুলো আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হবে না, এটিই স্বাভাবিক। শিশুদের পোশাক আমদানি করে এ রকম এক হাজার ৪৪২টি কারখানা মান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।