চীনে মার্সিডিজ বেঞ্জের মূল্য কারসাজির প্রমাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জের বিরুদ্ধে মূল্য কারসাজির প্রমাণ পেয়েছে চীনা কর্তৃপক্ষ। বিক্রয়-পরবর্তী সেবায় এই কারসাজির প্রমাণ পাওয়া গেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এনডিটিভি আজ সোমবার এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, চীনের জিংশু প্রদেশের প্রাইস ব্যুরো গত মাসে এ-সংক্রান্ত বিষয়ে তদন্ত চালায়। তদন্তে জিংশুতে মার্সিডিজ বেঞ্জের ডিলার এবং সাংহাইয়ের কার্যালয়ে ‘প্রতিযোগিতাবিরোধী’ চর্চার প্রমাণ পাওয়া যায়।

এ দিকে ৫ আগস্ট মার্সিডিজ বেঞ্জ জানায়, তারা তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুরোপুরি সহায়তা করেছে।

জিংশু ব্যুরোর তদন্ত দলের প্রধান ঝু গাও বলেন, ‘এটি একটি স্বাভাবিক মামলা। প্রতিষ্ঠানটি বিশেষ সুবিধা নিচ্ছিল। তারা গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ এবং মেরামত ও রক্ষণাবেক্ষণের খরচ নিয়ন্ত্রণের চেষ্টা করছিল।’

২০০৮ সালের ‘এন্টি মনোপলি’ আইনের মধ্যে বিভিন্ন কোম্পানিকে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। গত সপ্তাহে চীনা গণমাধ্যম জানায়, এন্টি মনোপলি আইন ভঙ্গের কারণে জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান অডি, ফক্সভাগেন এজিকে জরিমানা করা হতে পারে।