চীনে শুরু হলো দ্বিতীয় ধাপের বেসরকারীকরণ প্রক্রিয়া
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণের দ্বিতীয় ধাপের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে চীন। দুই যুগ আগে এই প্রক্রিয়া শুরু হলেও এবার ঋণভারে জর্জরিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে বিক্রি করা চীনের প্রাদেশিক সরকারগুলোর জন্য কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
আগে বেসরকারীকরণের মূলমন্ত্র ছিল ‘বড়গুলোকে ধরে রেখে ছোটগুলোকে ছেড়ে দেওয়া’। এ প্রক্রিয়ায় হাজারো জাতীয় ও আঞ্চলিক প্রতিষ্ঠানকে এর আগে বেসরকারীকরণ করা হয়েছিল। তুলনামূলকভাবে ভালো চলা প্রতিষ্ঠানগুলোকে এর আগে পুনর্গঠনের মাধ্যমে অথবা পুঁজিবাজারে অন্তর্ভুক্তির মাধ্যমে কয়েক হাজার বিলিয়ন ডলার আয় করেছিল সরকার।
তবে ২০০৩ সালে চীনের কেন্দ্রীয় সরকার দুর্বল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে এসব প্রতিষ্ঠানকে আর্থিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নেয়।
চীনের প্রাদেশিক সরকারগুলোর ঋণ অনেক বেড়ে যাওয়ায় বেসরকারীকরণ উদ্যোগ ত্বরান্বিত হয়েছে। আঞ্চলিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে বিক্রির মাধ্যমে দুই লাখ ৯০ হাজার কোটি ডলার আয়ের পরিকল্পনা করা হচ্ছে, যা চীনের মোট দেশজ উৎপাদনের ৫৮ শতাংশ।
চীনে কর্মরত বিশ্বব্যাংকের সাবেক আবাসিক কর্মকর্তা ডেভিড ডলার বলেন, ‘স্থানীয় সরকারগুলোর ঋণের সমস্যা সমাধানে বেসরকারীকরণের এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিছু আঞ্চলিক সরকার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মাত্রায় ঋণ নিয়েছে, যাদের ঋণ পরিশোধে এই প্রক্রিয়ায় যাওয়া ছাড়া উপায় নেই।’ নীতিনির্ধারকেরা আশা করছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হলে তাদের দক্ষতা অনেকাংশে বেড়ে যাবে।
আর্থিক, জ্বালানি এবং টেলিযোগাযোগের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকায় এসব খাতে অপব্যয় ও দুর্নীতি বেশি বলে মনে করা হয়। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গঠিত এক তদন্ত প্রতিবেদনে এ রকম তথ্যই উঠে এসেছে।
নতুন পুনর্গঠনের এই প্রক্রিয়াতে বেশি বড় ও লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে না রাখার সম্ভাবনাই বেশি। তবে গত মাসে চীনের কেন্দ্রীয় সরকার দুটি বড় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বেসরকারি বিনিয়োগের আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছে।
চীনে মোট এক লাখ ৫৫ হাজার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে। এর দুই-তৃতীয়াংশই আবার প্রাদেশিক সরকারগুলোর নিয়ন্ত্রণে। কেন্দ্রীয় সরকার ঘোষণা দেওয়ার আগেই সাংহাই, বেইজিং, গুয়াংঝু, চুংকিংয়ের মতো বড় প্রদেশগুলোর সরকার তাদের নিয়ন্ত্রণে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। সাংহাইয়ের প্রাদেশিক সরকার তাদের অধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ৬০ শতাংশের বেশি মালিকানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা বেশির ভাগ প্রতিষ্ঠানই প্রাকৃতিক সম্পদ, নিরাপত্তা, আর্থিক খাতের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ন্ত্রণ করে। অন্যদিকে প্রাদেশিক সরকারগুলো সব খাতের প্রতিষ্ঠানেই বিনিয়োগ করে।
এটা এখনো পরিষ্কার নয় যে প্রাদেশিক সরকারগুলো কী পরিমাণ মালিকানা বেসরকারি খাতে ছেড়ে দেবে। এর সঙ্গে প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, সে প্রশ্নও এসে যায়।
বিশ্বব্যাংকের এক সাবেক আবাসিক প্রতিনিধি ইয়ুকন হুয়াং বলেন, ‘আমি মনে করি না রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণ করা হলে সুশাসনের উন্নতি ঘটবে। বরং এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিরা রাজনৈতিক অথবা বাণিজ্যিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত কি না, সেদিকে খেয়াল রাখা।’
তবে সরকারের নীতিনির্ধারকেরা এর সঙ্গে একমত নন। তাঁরা মনে করেন, আংশিক বেসরকারীকরণ ও বাণিজ্যিক সুশাসন প্রতিষ্ঠা করা গেলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে আসবে।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস