চীনে ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৭ শতাংশের নিচে নেমে গেছে। দেশটিতে ২০১৫ সালে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯ শতাংশ, যা ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এক বছর আগেও চীনের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৩ শতাংশ।
এদিকে বিশ্ব অর্থনীতিতে চলতি ২০১৬ ও আগামী ২০১৭ সালে প্রবৃদ্ধি কম হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, বিশ্ব অর্থনীতিতে এবারে ৩ দশমিক ৪ শতাংশ ও আগামী বছর ৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে। আইএমএফের এই পূর্বাভাস গত বছরের অক্টোবরে দেওয়া পূর্বাভাসের চেয়ে শূন্য দশমিক ২ শতাংশ কম।
চীনের জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার এই খবর বিশ্ব অর্থনীতিতে বিশেষ করে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, চীনা অর্থনীতিকে এখন বৈশ্বিক অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। চীনে আলোচ্য ২০১৫ সালের জন্য সরকারিভাবে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৭ শতাংশ।
এদিকে পর্যবেক্ষকেরা বলছেন, প্রবৃদ্ধির হার ফুলিয়ে-ফাঁপিয়ে অর্থাৎ বেশি করে দেখানো হয়েছে। তবে এই মত নাকচ করে দিয়েছে চীনা সরকার।
আইএমএফের পূর্বাভাস: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বর্তমান ও আগামী বছরের জন্য বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিল, সেটি কমানোর পাশাপাশি বিশ্বকে সতর্কও করে দিয়েছে। সংস্থাটি বলেছে, বৈশ্বিক অর্থনীতি ঝুঁকির মুখে আছে। বিদ্যমান ঝুঁকি বা চ্যালেঞ্জগুলো সফলতার সঙ্গে মোকাবিলা করতে না পারলে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত পথ হারিয়ে ফেলবে।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে উন্নত বড় দেশগুলোর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও স্পেনে ২ শতাংশের বেশি প্রবৃদ্ধি হবে।
সংস্থাটির পূর্বাভাসমতে, উন্নয়নশীল ও উদীয়মান অনেক অর্থনীতিও থাকবে চ্যালেঞ্জের মধ্যে। চীনে চলতি বছরে ৬ দশমিক ৩ শতাংশ ও আগামী বছরে আরও কমে ৬ শতাংশে নেমে যাবে। ব্রাজিলের অর্থনীতি ৩ দশমিক ৫ শতাংশ সংকুচিত হবে এবং আগামী বছরে কোনো প্রবৃদ্ধি হবে না।
জ্বালানি তেলের দাম ব্যাপক হারে কমায় রাশিয়া এ বছরেও মন্দায় থাকবে, আগামীবার কিছুটা প্রবৃদ্ধি অর্জন করবে। সূত্র: বিবিসি