চীনে ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঘোষণা

চীন চলতি বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ শতাংশ। দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং গতকাল বৃহস্পতিবার ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশনের শুরুতে প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।
লি কেকিয়াং জানান, এ বছর তাঁরা ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে চান। এ হার গত বছরের তুলনায় শূন্য দশমিক ৫ বা আধা শতাংশ কম। খবর বিবিসির।
চীনা প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ দূষণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কারণ, জনগণের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে দূষণ নানা ‘অনিষ্টের’ কারণ হয়ে থাকে। পরিবেশবিষয়ক আইনগুলো কঠোরভাবে প্রয়োগ করা হবে। এ ছাড়া অর্থনৈতিক অগ্রগতির জন্য আরও কাঠামোগত সংস্কার করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ এনপিসির বার্ষিক অধিবেশনটি শুরু হয়। এতে সারা দেশের প্রায় তিন হাজার আইনপ্রণেতা অংশ নেন। এনপিসিকে ‘রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ অঙ্গ’ হিসেবে গণ্য করে চীন। এর আইন পাস ও সংশোধন করার এখতিয়ার রয়েছে। একে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির রাবার স্ট্যাম্প বলেও মনে করা হয়।
ঐতিহ্য অনুযায়ী বার্ষিক এই অধিবেশন শুরু হয় সাধারণত প্রধানমন্ত্রীর প্রতিবেদন পাঠের মধ্য দিয়ে। অধিবেশন শেষ হবে ১৫ মার্চ। প্রতিবছর প্রধানমন্ত্রীর এই ভাষণে নানা বিষয় তুলে ধরা হয়। এতে সরকারের আগের বছরের সাফল্য ও ব্যর্থতার খতিয়ান থাকে। আবার চলতি বছর সরকার কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দিতে যাচ্ছে, সে বিষয়েও ইঙ্গিত দেওয়া হয়।
লি কেকিয়াং এ বছর ৩৮ পৃষ্ঠার বক্তব্য তুলে ধরেন। এতে তিনি চলতি বছরের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ধীরগতির। তিনি বন সংরক্ষণ ও বায়ুদূষণ মোকাবিলায় জোরালো পদক্ষেপ নেওয়ার কথা জানান।