চীনের কোভিড নীতির সমালোচনায় আইএমএফ

চীনের এই বিধিনিষেধ এখন চীন ও বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)

মহামারির শুরু থেকেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অর্থাৎ কোনোভাবেই তারা সংক্রমণ ছড়াতে দেবে না। কিন্তু মহামারির দুই বছর অতিক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, এই নীতি পর্যালোচনার সময় এসেছে। তা না হলে চীনের এ কঠোর নীতি সারা বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধার ক্ষতিগ্রস্ত করবে।

আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, প্রমাণিত হয়েছে যে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন ডেলটার চেয়ে কম ক্ষতিকর। ফলে চীনের উচিত এখন কঠোর বিধিনিষেধ শিথিল করা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভার্চ্যুয়াল সম্মেলনে তিনি এসব কথা বলেন। চীনের যে শহর বা অঞ্চলে সংক্রমণ বাড়ছে, সেখানেই কঠোর বিধিনিষেধ দেওয়া হচ্ছে। এই বিধিনিষেধ এখন চীন ও বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

জানুয়ারি মাসের শুরুতে চীনের হেনান প্রদেশে নতুন করে ৮৭ জনের শরীরে সংক্রমণ শনাক্তের কথা জানায় চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। এরপর সেখানকার লাখ লাখ মানুষকে কঠোর বিধিনিষেধের আওতায় রাখা হয়েছে। গত কয়েক সপ্তাহে আরও বেশ কিছু প্রদেশ কঠোর বিধিনিষেধের আওতায় নিয়ে আসা হয়েছে। জর্জিয়েভা আরও বলেন, মহামারির কারণে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি তুলনামূলক মন্থর। তার ওপর নতুন করে বিধিনিষেধ জারি রাখা হলে ভোক্তা ব্যয়ের ওপরও তার নেতিবাচক প্রভাব পড়ে।

এক বছর ধরে সারা বিশ্বে উচ্চ মূল্যস্ফীতি চলছে, যার অন্যতম কারণ, বিশ্বব্যাপী পণ্য পরিবহনে ভাড়া বৃদ্ধি। দেশে দেশে কঠোর বিধিনিষেধ থাকার কারণে এই পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।

আইএমএফ প্রধান বলেন, ‘চীন এখনো শূন্য কোভিড নীতি মেনে চলছে। কিন্তু কোভিড আমাদের সবাইকে শিখিয়েছে, কোভিডের উচ্চ সংক্রামক ধরন দমন করতে গেলে অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বেই।’ এদিকে চীন ইতিমধ্যে বিভিন্ন আর্থিক প্রণোদনা প্রকল্প প্রত্যাহার করে নিয়েছে। সে জন্য চীন সরকারের সমালোচনা করেন জর্জিয়েভা। তিনি বলেন, চীনা অর্থনীতির এখনো সরকারি সহায়তা প্রয়োজন। এত দ্রুত সহায়তা প্রত্যাহার করে নেওয়া উচিত হয়নি। চীনের কেন্দ্রীয় ব্যাংকের উচিত সুদহার কম রাখা আর সরকারের উচিত ভর্তুকি অব্যাহত রাখা।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে পিপলস ব্যাংক অব চায়না নীতি সুদহার হ্রাস করে।

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। বিশ্বের সব দেশ এখন করোনাভাইরাসের সঙ্গে জীবনযাপনে অভ্যস্ত হতে শুরু করেছে। সেখানে চীন আর কত দিন শূন্য কোভিড নীতি মেনে চলবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। চীন এখনো কঠোরভাবে সীমান্তে কড়াকড়ি চালু রেখেছে।

হংকং বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ বেন কাউলিং বলেন, আগের যেকোনো ধরনের চেয়ে অমিক্রন শূন্য কোভিড নীতিমালার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হলো, এটি অতি সংক্রামক, ডেলটার চেয়ে দ্বিগুণ বা তিন গুণ গতিতে ছড়ায়; তবে এই সংক্রমণ নিয়ন্ত্রণের সক্ষমতাও চীনের আছে।