চীনের জিওনি ব্র্যান্ডের মোবাইল ফোন এখন দেশের বাজারে

দেশের বাজারে প্রথমবারের মতো চীনের জিওনি ব্র্যান্ডের মোবাইল ফোনের বিপণন শুরু হয়েছে। ঢাকায় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এ দেশে মোবাইল ফোনটি বাজারজাতের ঘোষণা দেওয়া হয়।
প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি ছয়টি হ্যান্ডসেট নিয়ে আসছে বাংলাদেশে।
অনুষ্ঠানে জিওনির ব্যবস্থাপনা পরিচালক মি. ফিদেল ও গ্লোবাল ডিরেক্টর অব সেলস বা বৈশ্বিক বিক্রয় পরিচালক মি. ফ্রাঙ্কসহ আমন্ত্রিত অতিথি ও ব্যবসায়িক অংশীদারেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিওনির লোগো উন্মোচন করা হয়। সে সঙ্গে ফ্যাশন শোর আয়োজন এবং জিওনি হ্যান্ডসেট প্রদর্শন করা হয়। এ ছাড়া ছিল শিল্পী মিলার সংগীত পরিবেশনা।
চীনা মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিওনির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জিওনি বিশ্বাস করে যে বাংলাদেশে তাদের নতুন এই যাত্রা বৈচিত্র্যময় হবে।
জিওনি বর্তমানে বাংলাদেশ ছাড়াও ভারত, নাইজেরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, মিয়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইনসহ বিশ্বব্যাপী ৪২টি দেশে মোবাইল ফোন রপ্তানি করে থাকে। এটি প্রতি মাসে ১৫ লাখ হ্যান্ডসেট বিদেশে রপ্তানি করে থাকে।