চীনের নতুন করোনা উদ্বেগ, কার্গো বন্দর বন্ধের ঘোষণা
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের নিংবো-ঝোশান কার্গোবন্দরের একটি টার্মিনালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বের তৃতীয় ব্যস্ততম কার্গো বন্দরের কিছু কার্যক্রম বন্ধ রাখায় বৈশ্বিক বাণিজ্যের ওপর প্রভাব ফেলবে, এমনটা নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, গত বুধবার বন্দরের এক কর্মী কোভিড-১৯–এর ডেলটা ভেরিয়েন্টে আক্রান্ত হলে নিংবো-ঝোশন বন্দরের মেইশান দ্বীপের টার্মিনালের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ওই কর্মী সম্পূর্ণভাবে ভ্যাকসিনেটেড ছিলেন বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।
কিছুদিনের মধ্যেই বড়দিনের কেনাকাটার মৌসুম শুরু হবে। এ অবস্থায় বন্দরের কার্যক্রম বন্ধ থাকলে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টার্মিনাল বন্ধ করায় বন্দরের কনটেইনারের পরিবহনক্ষমতা প্রায় এক–চতুর্থাংশ কমে যাবে।
সাংহাই ও সিঙ্গাপুরের পর নিংবো–ঝোশান হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্গোবন্দর।
বিশ্লেষকেরা বলছেন, টার্মিনালটি যদি দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে, তবে এটি বিশ্ব অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে। কর্তৃপক্ষ নিংবো শহর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের অভ্যন্তরীণ ও বহির্গমন ফ্লাইটও স্থগিত করেছে।