
চীনের শেয়ারবাজারের ওপর ‘ব্ল্যাক মানডে’ বা ‘কালো সোমবার’-এর কালো আছর রয়েই গেল। গতকাল মঙ্গলবারও দেশটির শেয়ারবাজারে দরপতন ঘটেছে। জাপানেও একই অবস্থা দেখা গেছে। তবে ইউরোপ ও আমেরিকার শেয়ারবাজার এদিন ঘুরে দাঁড়িয়েছে।
দেশটির প্রধান সূচক সাংহাই সমন্বিত সূচক ৭ দশমিক ৬ শতাংশ কমে ২,৯৬৪ দশমিক ৯৭ পয়েন্টে নেমে গেছে। এশিয়ায় জাপানের শেয়ারবাজারেও গতকাল পতন অব্যাহত থাকে। দেশটির নিক্কি ২২৫ সূচক ৪ শতাংশ কমেছে।
সোমবার চীনের শেয়ারবাজারে ধসের প্রভাব ব্যাপক প্রভাব ফেললেও গতকাল অবশ্য ইউরোপ ও আমেরিকার শেয়ারবাজারগুলোয় চাঙা ভাব ফিরেছে। এদিন যুক্তরাষ্ট্রের ডাউ জোন্স সূচক ১ দশমিক ৭ শতাংশ, যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক প্রায় ৩ দশমিক ৩ শতাংশ, জার্মানির ড্যাক্স ৪ দশমিক শতাংশ ও ফ্রান্সের প্যারিস সিএসি সূচক ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
ইউরোপের অন্যান্য দেশের মধ্যে পর্তুগালের লিসবন, স্পেনের মাদ্রিদ ও ইতালির মিলানভিত্তিক শেয়ারবাজারগুলোর সূচক ৩ শতাংশ করে বেড়েছে। রাশিয়ায় মস্কোর শেয়ার সূচক বেড়েছে ২ শতাংশ।
এদিকে শেয়ারবাজারে বিপর্যয়ের পরিস্থিতিতে চীন অর্থনীতিতে চাঙা ভাব ফিরিয়ে আনতে নীতিনির্ধারণী সুদের হার কমিয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না গতকাল গতকাল নীতিনির্ধারণী সুদহার শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ৬ শতাংশে নামিয়ে এনেছে।
এ নিয়ে গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত দেশটি পঞ্চমবারের মতো নীতিনির্ধারণী সুদহার কমাল; যা আজ বুধবার থেকে কার্যকর হবে।
সুদহার কমানো সম্পর্কে পিপলস ব্যাংক অব চায়না বলেছে, অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেপি মরগ্যান বলেছে, ‘চীনের সুদহার কর্তনে অনেক বিনিয়োগকারীর দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে।
এশিয়া, ইউরোপ, আমেরিকাসহ বিশ্ব পুঁজিবাজারে গত সোমবার ধস নামে, যেটাকে বিশ্ব গণমাধ্যমগুলো কালো সোমবার বা ‘ব্ল্যাক মানডে’ বলে উল্লেখ করেছে। কারণ, এই আগে ১৯৮৭ সালের ১৯ অক্টোবর সোমবারও বিশ্ব পুঁজিবাজারে বড় ধস নামে; যা কালো সোমবার নামে পরিচিত।
ব্রিটিশ গণমাধ্যমগুলো হিসাব করে দেখিয়েছে, গত সোমবার এক দিনেই দেশটির শেয়ারবাজারের বাজারমূল্য ৫ হাজার ৬০০ কোটি পাউন্ড কমেছে। বার্তা সংস্থা ব্লুমবার্গের হিসাবে, গত ১১ দিনে বিশ্ব পুঁজিবাজার পাঁচ লাখ কোটি ডলারের বেশি বাজারদর হারিয়েছে।
সোমবার চীনের সাংহাই কম্পোজিট সূচক সাড়ে ৮ শতাংশ, হংকংয়ের হ্যাং সেং সূচক ৫ দশমিক ৮ শতাংশ, লন্ডনের এফটিএসই ১০০ সূচক ২ দশমিক ৬ শতাংশ, প্যারিস ও ফ্রাঙ্কফুর্টের সূচক প্রায় ৩ শতাংশ কমে। এ ছাড়া জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪ দশমিক ৬ শতাংশ, অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক ৪ দশমিক ১ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কসপি সূচক আড়াই শতাংশ এবং ভারতের প্রধান দুটি সূচক সেনসেক্স ও নিফটি ৬ শতাংশের বেশি কমেছে।
চীনের অর্থনীতির গতিমন্দা ও শেয়ারবাজারের পতন এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ৪০ ডলারে নেমে আসার কারণে সোমবার দুনিয়াজুড়ে বড় বড় শেয়ারবাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পতন ত্বরান্বিত হয়।
চীনের অর্থনীতিতে ৩০ বছর ধরে উচ্চহারে প্রবৃদ্ধি অর্জনের পর এই ধারা অব্যাহত থাকবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সে জন্য দেশটি ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, যদিও তাতে এখনো বড় সুফল দেখা যায়নি। সূত্র: বিবিসি