চীনের প্রবৃদ্ধি কমেই চলেছে
চলতি ২০১৫ সালের প্রথম প্রান্তিক জানুয়ারি-মার্চেও অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে চীনের। এই প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি হয়েছে ৭ শতাংশ।
মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে বিশ্বের দ্বিতীয় বৃহৎ এ দেশটির প্রবৃদ্ধির অর্জনের এই হার ২০০৯ সালের বৈশ্বিক আর্থিক মন্দার পর সর্বনিম্ন। চীনা সরকার সম্প্রতি এই তথ্য-উপাত্ত প্রকাশ করেছে।
এর আগে ২০১৪ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ৩ শতাংশ। আর পুরো বছরের সার্বিক প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ৪ শতাংশ। লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ৭ শতাংশ। ১৯৯০ সালের পর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ১৫ বছরের মধ্যে ২০১৪ সালে দেশটি প্রথমবারের মতো ব্যর্থ হয়।
এদিকে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলছে, চলতি ২০১৫ সালে চীনের সার্বিক প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ। ভারতের প্রবৃদ্ধি এ বছর চীনের প্রবৃদ্ধিকে ছাড়িয়ে যাওয়ার কথাও জানিয়েছে এডিবি। এ বছর ভারতের প্রবৃদ্ধি ৭ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে দাতা সংস্থাটি।
চীনের এ প্রবৃদ্ধিকে এখনো বিশ্বের যেকোনো অর্থনীতির চেয়ে অনেক বেশি বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। চীনের প্রবৃদ্ধি কমার ধাক্কা সামলানোর ক্ষমতা আগের চেয়ে বেশি রয়েছে বলে তাঁদের মত।
চীনে আবাসন ব্যবসার ধীর গতিকে প্রবৃদ্ধি কমার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে। সুদের হার নির্ধারণে চীনের কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান নেওয়ায়ও প্রবৃদ্ধি কমার আরেকটি প্রধান কারণ। দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না ঋণের সুদ হার গত বছরের নভেম্বরের পর থেকে দুবার কমিয়েছে। এমন পদক্ষেপকে ‘অপ্রত্যাশিত’ বলে অভিহিত করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বাজার ব্যবস্থায় অর্থের সরবরাহ বা তারল্য সরবরাহ কম থাকায় তা প্রবৃদ্ধিতে ধীর গতি ত্বরান্বিত করেছে বলে মনে করা হচ্ছে।
প্রবৃদ্ধির পাশাপাশি মোট শিল্প উৎপাদনের তথ্যও প্রকাশ করেছে দেশটির সরকার। সেই হিসাবে চলতি বছরের মার্চে দেশটির উৎপাদন প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৯ শতাংশ, যা ৬ দশমিক ৯ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে ১ শতাংশ কম। ২০০৮ সালের পরে এটি দেশটির উৎপাদন খাতে সর্বনিম্ন প্রবৃদ্ধি।
প্রবৃদ্ধির এ ঋণাত্মক ধাক্কা লেগেছে চীনের পুঁজিবাজারেও। পুঁজিবাজারের দুটি সূচক—হ্যাংসেং ও সাংহাই কম্পোজিট এখন প্রায় একই জায়গায় স্থির রয়েছে।
সূত্র: বিবিসি