বিশ্বের বৃহত্তম অর্থনীতি চীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) নামে একটি আন্তর্জাতিক ব্যাংক গঠনের যে উদ্যোগ নিয়েছে, তাতে যোগ দিতে ৪০টির বেশি দেশ আবেদন করেছে। সেই সঙ্গে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সমর্থন আছে।
ব্যাংকটির প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে যোগ দেওয়ার সর্বশেষ দিন ছিল গত ৩১ মার্চ। শেষ দিনে নরওয়ে, তাইওয়ান ও তার আগের দিন সুইডেন আবেদন করে। আর গত সপ্তাহে আবেদন করেছিল রাশিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া।
ব্যাংকটির সদর দপ্তর হবে এর উদ্যোক্তা চীনের রাজধানী বেইজিংয়ে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান ব্যাংকটিতে যোগ দেবে না। যুক্তরাষ্ট্র প্রথমদিকে বিরোধিতা করে দিন কয়েক আগে সুর পাল্টে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত যোগ দেয়নি। একইভাবে জার্মানি আর ফ্রান্সও এগিয়ে এসে পিছিয়ে গেছে। এই তিনটি দেশ চীনা উদ্যোগকে ঠেকাতে ওয়াশিংটনে এরই মধ্যে একটি চুক্তি সই করেছে। তারা মনে করে, এআইআইবি প্রত্যাশিত মান ধরে রাখতে পারবে না।
ওয়াশিংটনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ইউরেশিয়া গ্রুপের জ্যেষ্ঠ গবেষক এরিকা ডাউনস বলেন, ‘এখন পর্যন্ত চীন যা করেছে, তাতে এআইআইবি সত্যিকার অর্থে একটি বহুজাতিক আর্থিক সংস্থা হয়ে উঠতে পারে। তারা খুব সচেতনভাবে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সাবেক কর্মকর্তাদের ব্যাংকটিতে নিয়ে আসতে জোর চেষ্টা চালাচ্ছে। আর যেভাবে সবকিছু এগোচ্ছে, তাতে উদ্যোগটি সফল হবে বলেই মনে হচ্ছে।’
বিশ্লেষকেরা মনে করছেন, আন্তর্জাতিক অর্থনীতিতে চীনের আধিপত্য বাড়াতে এ ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংককে এআইআইবির সঙ্গে যৌথভাবে বিভিন্ন প্রকল্পে অর্থায়নের পরামর্শও দেন কয়েকজন বিশেষজ্ঞ। গত বছরের অক্টোবরে এশিয়ার ২১টি দেশকে নিয়ে ব্যাংকটি গঠনের উদ্যোগ নেয় চীন। এতে বাংলাদেশও আছে। ব্যাংকটির প্রাথমিক তহবিল ধরা হয়েছে পাঁচ হাজার কোটি ডলার। সূত্র: নিউজউইক।