চীনের সমর্থনে আইএমএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উদ্যোগে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংককে (এআইআইবি) সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চীনের রাজধানী বেইজিংয়ে চায়না ডেভেলপমেন্ট ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আইএমএফের প্রধান ক্রিস্টিন ল্যাগার্দে এ কথা বলেছেন।
চীনের এ উদ্যোগকে এখন পর্যন্ত সমর্থন জানিয়েছে ৩০টির বেশি দেশ। ক্রিস্টিন ল্যাগার্দে বলেছেন, ‘আইএমএফ অত্যন্ত আনন্দের সঙ্গে এআইআইবিকে সহযোগিতা করবে। বিশ্বের অবকাঠামো উন্নয়নে সঙ্গী হিসেবে এআইআইবির সঙ্গে কাজের বিশাল সুযোগ আছে আমাদের।’ চীনের এ উদ্যোগকে বিশ্বব্যাংকও স্বাগত জানাবে বলে আশা প্রকাশ করেন আইএমএফপ্রধান।
তবে শুরু থেকেই এ উদ্যোগের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যসহ ঘনিষ্ঠ কয়েকটি মিত্র দেশ এআইআইবিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করায় সেটিরও সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, এআইআইবি গঠিত হলে তা বিশ্বব্যাংকের কর্তৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে চীনের প্রভাব বাড়াতে ভূমিকা রাখবে।
এই ব্যাংকে গত সপ্তাহে যুক্তরাজ্য যোগ দেওয়ার ঘোষণা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তবে এই ব্যাংকে যোগ না দেওয়ায় অটল রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
নতুন ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ৩১ মার্চ পর্যন্ত যোগ দেওয়া যাবে। এশিয়ার দেশগুলোর পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, ইতালি, ফ্রান্সের মতো দেশও ব্যাংকটির সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই এ ব্যাংক গঠনের কথা বলছে চীন। নতুন এ ব্যাংক গঠনের উদ্যোগ শুরু হয়েছিল ২০১৪ সালে। এর প্রাথমিক তহবিলের পরিমাণ ধরা হয়েছে পাঁচ হাজার কোটি ডলার। সূত্র: বিবিসি