চীন-মিয়ানমারের ৭৮০ কোটি ডলারের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিয়ানমার ও চীন জ্বালানি, কৃষি, টেলিযোগাযোগ, অবকাঠামো ও আর্থিক খাত নিয়ে ৭৮০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি সই করেছে। এই অর্থ বাংলাদেশের প্রায় ৬২ হাজার কোটি টাকার সমান।
চীনা প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার সফরকালে গত শুক্রবার এই চুক্তি সম্পাদিত হয়। রাষ্ট্রমালিকানাধীন চায়না ডেইলি এই খবর দিয়েছে।
বিদ্যুৎ খাতে সহযোগিতা অব্যাহত রাখতে চীন ও মিয়ানমার একটি কমিটি গঠন করেছে। এর আগে ২০১১ সালে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন তাঁর দেশে চীনের পরিচালিত ৩৬০ কোটি ডলারের মিতসন ড্যাম প্রজেক্ট নামে একটি বিদ্যুৎ প্রকল্প বাতিল করে দেন। প্রকল্পটি পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে—এমন দাবিতে জনগণ বিক্ষোভ করায় সরকার এটি বাতিল করে। তা ছাড়া, এই প্রকল্পের ৯০ শতাংশ বিদ্যুৎ চীনে যাওয়ার কথা ছিল।
ঐতিহাসিকভাবে চীন ও মিয়ানমারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাজনৈতিক সংস্কারের আগে পর্যন্ত মিয়ানমারের ওপর যখন ব্যাপকহারে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা আরোপ ছিল, তখন দেশটি অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তার জন্য তার শক্তিশালী প্রতিবেশী চীনের ওপর নির্ভর করত। বছর চারেক আগে দেশটি রাজনৈতিক সংস্কারের পথ বেছে নেয়।
মিয়ানমারের বর্তমান সংস্কারবাদী সরকার ২০১১ সালের মার্চে ক্ষমতা নেওয়ার সময় থেকেই চীনের ওপর নির্ভরতা কমানোর ওপর জোর দিয়ে আসছে। এর আগে বহু বছর ধরে সামরিক জান্তার শাসনাধীনে থাকার সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির ওপর পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা আরোপ করে।
নতুন সরকার একদিকে চীনকে সমালোচনার শূলে চড়ায়, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ওপর নির্ভর করে। এটি চীনকে ভড়কে বা চমকে দেয়।
সূত্র: রয়টার্স