চুরি করা ডিজিটাল মুদ্রা ফেরত দিল হ্যাকাররা
গত সপ্তাহে ডিজিটাল মুদ্রার জগতে সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনা ঘটে। হ্যাকাররা ব্লকচেইন সাইট পলি নেটওয়ার্কের সিস্টেমের একটি দুর্বলতাকে কাজে লাগিয়ে ৬০ কোটি ডলারের ডিজিটাল মুদ্রা হাতিয়ে নেয়। তবে পরে হ্যাক করা এই অর্থের বেশির ভাগই ফেরত দিয়েছে হ্যাকাররা। যেটুকু তারা ফেরত দেয়নি, মূলত সেগুলোর লেনদেন স্থগিত করার কারণে ফেরত দিতে পারেনি তারা। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হ্যাকাররা যখন ক্রিপ্টোকারেন্সি ফেরত দেওয়ার কথা জানায়, পলি নেটওয়ার্ক এতটায় খুশি হয় যে তারা হ্যাকারদের পুরস্কৃত করার কথা জানায়। এর বিনিময়ে ৫ লাখ ডলার ও চুরির দায় থেকে রেহাই দেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা হ্যাকারদের।
গত মঙ্গলবার প্রথম হ্যাকিংয়ের ঘটনা প্রকাশ্যে আনে পলি নেটওয়ার্ক। ওই দিন হ্যাকারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে এবং এই অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে একটি বিবৃতি টুইটারে পোস্ট করে তারা। ওই চিঠিতে পলি নেটওয়ার্ক হ্যাকারের উদ্দেশে লেখে, ‘আপনারা যে পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন, তা ইতিহাসের অন্যতম বড় চুরি। যেকোনো দেশে আইন প্রয়োগকারীরা এটিকে একটি বড় অর্থনৈতিক অপরাধ হিসেবে গণ্য করবে এবং আপনাদের নজরে রাখা হবে। আপনি যে অর্থ চুরি করেছেন, তা হাজার হাজার ক্রিপ্টো সম্প্রদায়ের সদস্যের।’
তাদের ওই আহ্বানে সাড়া দেয় হ্যাকাররা। হ্যাক হওয়া ডিজিটাল মুদ্রার মধ্যে ছিল ২৬ কোটি ৭০ লাখ ডলারের ইথার, ২৫ কোটি ২০ লাখ ডলারের বিন্যান্স ও সাড়ে ৮ কোটি ডলারের ইউএসডিসি টোকেন। বেশির ভাগ অর্থই তারা ফেরত দিয়েছে। কিছু ইথার ফেরত দিতে পারেনি তারা, কারণ সেগুলোর লেনদেন স্থগিত করা হয়েছে।
অর্থ ফেরত দেবে—এ কথা জেনে পুরস্কার ঘোষণা করে পলি নেটওয়ার্ক। তবে পুরস্কার নেওয়ার কোনো আগ্রহ প্রকাশ করেনি হ্যাকাররা। তারা জানায়, অর্থের প্রতি আগ্রহী না তারা এবং পুরোটা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেয়।
এদিকে আইন–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেসরকারি কোম্পানিগুলোর ফৌজদারি মামলা থেকে অপরাধীদের রেহাই দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার কোনো ক্ষমতা নেই।