ছেলে প্রধানমন্ত্রী, এ সুবিধা নিলেন না মোদির মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসামের গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরের চন্দ্রপুর গ্রামে একটি ব্যাংকের সামনে গতকাল ৫০০ ও ১০০০ রুপির নোট বদলাতে আসা গ্রাহকদের ভিড় l ছবি: এএফপি
ভারতের আসামের গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরের চন্দ্রপুর গ্রামে একটি ব্যাংকের সামনে গতকাল ৫০০ ও ১০০০ রুপির নোট বদলাতে আসা গ্রাহকদের ভিড় l ছবি: এএফপি

ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল হওয়া নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। অস্বস্তি আর ভোগান্তিতে বাড়ছে ক্ষোভ-অসন্তোষ। বিষয়টি ইতিমধ্যে উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালত সরকারের অর্থনৈতিক নীতিমালায় কোনো রকম হস্তক্ষেপে অনীহা জানিয়েছে। তবে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়েছে।
এদিকে ব্যাংকে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নোট দুটি বদলে নেওয়ার প্রবণতাও অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে উঠে এসেছে খোদ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির নাম। তিনি গতকাল মঙ্গলবার ৯টি ৫০০ রুপির বাতিল নোট বদলে সাড়ে চার হাজার রুপির নতুন নোট নিয়ে বাড়ি ফেরেন।
ব্যাংকের লাইনে মোদির মা: গুজরাটের রাজধানী গান্ধীনগরের একটি ব্যাংকে গিয়ে মোদির মা বাতিল রুপি বদলে নেন। তবে প্রধানমন্ত্রীর মা হিসেবে কিংবা বৃদ্ধা হওয়ার (৯৬ বছর) সুবিধা কাজে লাগাননি হীরাবেন মোদি। সমাজের আর দশজন সাধারণ নাগরিকের মতো তিনিও লাইনে দাঁড়ান। দুজন মহিলার সহায়তায় হেঁটেই তিনি ব্যাংকের ভেতরে ঢোকেন, যদিও হুইলচেয়ারে করে ব্যাংকে এসেছিলেন।
হীরাবেন মোদি নিজেই কাগজপত্রে সই করে ব্যাংক কর্মীর কাছ থেকে অর্থ বুঝে নেন। তিনি যে রুপি এনেছিলেন তা ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজের ব্যাংক হিসাব থেকে তোলা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মীরা।
ব্যাংকে-এটিএম বুথে ভিড়: গোটা ভারতে এখন ব্যাংকের পাশাপাশি এটিএম বুথের সামনেও বাতিল নোট বদল কিংবা টাকা তোলার জন্য মানুষের দীর্ঘ লাইন লক্ষ করা যাচ্ছে। রাত ভোর হতে না হতেই প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে পড়েন।
কালোটাকা প্রতিরোধের লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় সরকার গত ৮ নভেম্বর ৫০০ ও ১ হাজার রুপির পুরোনো নোট বাতিল ঘোষণা করে।
আদালতে রুপি বাতিলের ইস্যু: ভারতের কেন্দ্রীয় সরকারের ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করার ওপর স্থগিতাদেশ চেয়ে কয়েকজন আইনজীবীর করা আবেদন নাকচ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে সরকারের কাছে নোটদুটি বাতিল সম্পর্কে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি টি এস ঠাকুর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রসুদের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ। আদালত বলেন, ‘আমরা কোনো স্থগিতাদেশের আবেদন মঞ্জুর করব না।’
এদিকে আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবাল জানান, তিনি জনগণের বিড়ম্বনা কমানোর লক্ষ্যে সরকারের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন। তিনি বলেন, ‘কালোটাকার দৌরাত্ম্য কমানোর ব্যাপারে আমরাও সরকারের সঙ্গে আছি। কিন্তু সরকার আচমকা রুপির দুটি নোট বাতিল করে জনগণকে বেকায়দায় ফেলেছে। এতে তাঁরা বিপদে পড়েছেন।’
উচ্চ আদালত অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগিকে আকস্মিকভাবে সরকারের নোট দুটি বাতিল করার কারণ এবং বাতিল নোট বদলানোর ক্ষেত্রে জনগণের বিড়ম্বনা লাঘবে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নেওয়া পদক্ষেপ সম্পর্কে লিখিত বক্তব্য হলফনামা আকারে দাখিলের নির্দেশ দেন। একই সঙ্গে আদালত ভবিষ্যতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটিও জানতে চান।
সরকারের ব্যাখ্যা পাওয়ার পর উচ্চ আদালত ২৫ নভেম্বর এ বিষয়ে আবার শুনানি করবেন।
আদালত গতকাল জানান, সরকারের অর্থনৈতিক নীতিমালার ওপর হস্তক্ষেপ করার কোনো অভিপ্রায় নেই তাঁদের। তবে সরকারের উদ্দেশে আদালত বলেন, ‘আপনারা কালোটাকার বিরুদ্ধে “সার্জিক্যাল স্ট্রাইক” করতে পারেন, কিন্তু দেশের জনগণের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারেন না।’
সূত্র: আনন্দবাজার পত্রিকা, বিজনেস স্ট্যান্ডার্ড ও বিজনেস লাইন।