জনবিরোধিতায় চুক্তি বাতিল মিয়ানমারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের শেডাগুন প্যাগোডা
মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের শেডাগুন প্যাগোডা

মিয়ানমারে জনগণের তীব্র বিরোধিতার মুখে অজ্ঞাত এক কোম্পানিকে দিয়ে ৮০০ কোটি মার্কিন ডলারের (বাংলাদেশের প্রায় ৬৪ হাজার কোটি টাকার সমান) প্রকল্প বাস্তবায়নের বিতর্কিত চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
দেশটির ভূতপূর্ব রাজধানী ইয়াঙ্গুনের মধ্যে একটি ছোট শহর গড়ে তুলতে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। কোনো রকম দরপত্র ছাড়াই ইয়াঙ্গুনের আঞ্চলিক সরকার অখ্যাত কোম্পানিটিকে কাজ দেয়। এমনকি ওই কোম্পানির মালিকানা ও অভিজ্ঞতার তথ্যও প্রকাশ করা হয়নি। যে কারণে সিদ্ধান্তটির বিরুদ্ধে প্রবল সোচ্চার হয়ে ওঠে দেশটির আইনপ্রণেতা, সক্রিয় সমাজকর্মী ও গণমাধ্যম।
বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক দেশেও এমন অনেক চুক্তি হয়ে থাকে; যেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় না। অথচ যুগযুগের সামরিক শাসনের কবল থেকে বেরিয়ে আসতে না-আসতেই মিয়ানমারের জনগণ অস্বচ্ছ ও গোপন চুক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে; যা বাংলাদেশের জনগণের জন্য অনুকরণীয় হতে পারে।
এই অবস্থায় ইয়াঙ্গুনের আঞ্চলিক সরকার জানিয়েছে, তারা এখন উন্মুক্ত দরপত্র আহ্বান করে তবেই প্রকল্পটি বাস্তবায়নের চুক্তি সই করবে।
সামরিক স্বৈরশাসনের জাঁতাকলে পিষ্ট মিয়ানমারে ৫০ বছর ধরে মত প্রকাশের স্বাধীনতা না থাকায় সেখানে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী গড়ে উঠেছিল। সাম্প্রতিক কালে গণতান্ত্রিক ধারা চালু হওয়ায় দেশটিতে এখন ওই স্বার্থান্বেষী ও দুর্নীতিবাজ গোষ্ঠীর বিরুদ্ধে সরব হয়ে উঠেছে বিভিন্ন স্তরের মানুষ। এতে ভালো কাজ হচ্ছে। যেমন, অপরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে কাজ দেওয়ার অবস্থান থেকে সম্পূর্ণ পল্টি খেতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনভিত্তিক বিশ্লেষক রিচার্ড হরসি বলেন, ‘দেশটিতে এখনো ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা রয়ে গেছে। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে রাজনৈতিকভাবে ভুল বা অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ হচ্ছে। একই সঙ্গে প্রতিকার ও পরিবর্তনের দাবি জোরালো হয়ে উঠছে।’
রিচার্ড মনে করেন, অপরিচিত কোম্পানিকে বিশাল একটি প্রকল্পের কাজ দেওয়া বড় ধরনের ভুল ছিল। আর এ জন্যই এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে।
ইয়াঙ্গুনের আঞ্চলিক সরকার নতুন শহর নির্মাণের জন্য দরপত্র আহ্বান করলেও মিয়ানমার সে তা নার মিয়োথিত পাবলিক কোম্পানি নামে একটি অপরিচিত প্রতিষ্ঠানকে কাজ দেয়; যেটির বয়স এখনো এক বছরও হয়নি। রাজনীতি ও ব্যবসায়-বাণিজ্যের ভালো খোঁজখবর রাখেন এমন লোকজন এ ধরনের একটি কোম্পানিকে কাজ দেওয়ায় বিস্মিত হয়েছেন।
কয়েকজন আঞ্চলিক রাজনৈতিক নেতা বলেছেন, ইয়াঙ্গুনের মেয়র হ্লা মিন্ট মাস গত মাসে যখন ঘোষণা করেন যে মিয়ানমার সে তা নার মিয়োথিতকে ২০ হাজার ইউনিট বাসস্থান, পাঁচটি সেতু, একটি বিদ্যালয় ও প্রবীণ নাগরিকদের জন্য একটি আবাসন প্রকল্প নির্মাণের কাজ দেওয়া হয়েছে তখনই প্রথম তাঁরা এটির নাম শোনেন। এ ব্যাপারে কোম্পানিটির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
ওই কোম্পানিকে কাজ দেওয়ার বিরোধিতা করে রোববার মিয়ানমারের ইলেভেন সংবাদপত্র বেশ ফলাও করে খবরটি ছাপায়। এই খবরের হেড লাইন বা শিরোনাম দেওয়া হয়, ‘তোমরা কি গোটা জাতিকেই নির্বোধ মনে করো?’
এ ছাড়া দেশটির সংবাদমাধ্যম প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ‘বিক্রি করে দেওয়া’য় শোক প্রকাশ করে এবং চোরাচালান ও সবুজ পাথরশিল্পে শত শত কোটি ডলারের দুর্নীতিতে ক্ষোভ জানায়।
ইয়াঙ্গুন কর্তৃপক্ষ মিয়ানমার সে তা নার মিয়োথিতের সঙ্গে চুক্তি বাতিল করায় সেটাকে অনেকেই স্বাগত জানিয়েছে বটে। তবে দেশটির ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে গোপনে ও অস্বচ্ছতার সঙ্গে আরও অনেক চুক্তি হয়েছে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস