জাকারবার্গ বললেন, ভয় পাবেন না ফেসবুককে

ফেসবুক সহ–প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বক্তৃতা দেবেন এখানকার সময় সন্ধ্যা ছয়টায়, চার নম্বর হলের মূল মিলনায়তনে। আসন ভরে গেলে আর প্রবেশের সুযোগ নেই, তখন দেখতে হবে বাইরে থাকা টেলিভিশনের পর্দায়। সুতরাং আগে যেতে হবে। বেলা সাড়ে তিনটায় মিলনায়তনের সামনে এসে যখন দাঁড়ালাম তখন অল্প কয়েকজনই ছিলেন। আধা ঘণ্টার মধ্যে জড়ো হলো কয়েক শ মানুষ। আয়োজকেরা লাইন ধরতে বললেন, সেই লাইনে দাঁড়িয়ে থাকতে হলো বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। তখন লাইনে দাঁড়ানো হাজার মানুষ। বেশির ভাগই সাংবাদিক। তবে টেলিভিশন সাংবাদিকদের ক্যামেরা নিয়ে ঢোকা ছিল নিষেধ।
মিলনায়তন ভর্তি হলো মূলত সাংবাদিকদের দিয়েই। মোবাইল টেলিফোন অপারেটরদের সঙ্গে একটি ঠান্ডা যুদ্ধ চলছে ফেসবুকের সঙ্গে। অপারেটররা মনে করছে ফেসবুক তাদের ব্যবসায় ভাগ বসাচ্ছে। ম্যাসেজিং বা বার্তা আনা-নেওয়ার কাজটা ফেসবুকেই বেশি হচ্ছে। এখন আবার বিনা মূল্যে ফেসবুক ব্যবহারের কথা বলা হচ্ছে। ঠান্ডা যুদ্ধটা শুরু হয়েছিল এক বছর আগে, যখন মার্ক জাকারবার্গ বার্তা আদান-প্রদানের অ্যাপস—হোয়াটসঅ্যাপ কিনে নেন। আর গত বছরের ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসেই জাকারবার্গ বিনা মূল্যে ফেসবুক ব্যবহারের সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। উদ্যোগটির নাম ইন্টারনেটডটঅর্গ। এসব কারণে গত ২ মার্চ শুরু হওয়া ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে সবারই আগ্রহ ছিল মার্ক জাকারবার্গের প্রতি। বিশেষ করে কংগ্রেসের প্রথম দিনেই ভোডাফোনের প্রধান নির্বাহী ভিট্টোরিও চোলাও বলেছিলেন, ‘আমরা প্রতিযোগিতা পছন্দ করি। কিন্তু আমরা সবার জন্য সমান খেলার মাঠ চাই। এখন তো ফেসবুকই হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেটের মাধ্যমে বার্তা পাঠানোর কোম্পানি।’ অনেক অপারেটরই মনে করে, গুগল আর ফেসবুকের মতো কিছু মাধ্যম তাদের তৈরি করা অবকাঠামোর সুযোগ নিয়ে অসাধু ব্যবসা করছে।
ঠিক ছয়টায় জিনস আর টি-শার্ট পরে মঞ্চে আসেন জাকারবার্গ। প্রথম প্রায় ২৫ মিনিট তিনি নানা উদ্যোগের কথা জানান। বিনা মূল্যে ফেসবুকসহ নানা স্বাস্থ্যসেবার তথ্য দিতে বিশ্বের কয়েকটি দেশে কাজ শুরু করেছে গুগল ডট অর্গ। বললেন ভারত সফরের কথা। নরেন্দ্র মোদি যে নির্বাচন প্রচারণায় ফেসবুক ব্যবহার করেছেন তারও প্রশংসা করলেন।
আলোচনার মোড় ঘুরে যায় আরও মোবাইল অপারেটর কোম্পানির তিনজন প্রধান নির্বাহী যোগ দেওয়ার পর। প্রসঙ্গটা তোলেন টেলিনরের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডারিক বাকসাস। তিনি একই সঙ্গে মোবাইল কংগ্রেসের আয়োজক জিএসএম অ্যাসোসিয়েশন বা জিএসএমএর চেয়ারম্যান। তিনি বললেন, অপারেটরদের সঙ্গে বিশেষ করে ফেসবুকের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো কোম্পানিরই প্রতিদ্বন্দ্বী কোম্পানির ব্যবসার মূল বিষয়টি নিয়ে সতর্ক থাকা উচিত। ফেসবুক ১৯০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ কেনার পর তারা যে চিন্তিত ছিলেন সেটিও জানালেন ফ্রেডারিক বাকসাস। সবার হাতে ইন্টারনেট পৌঁছে দিতে মোবাইল কোম্পানিগুলো বিপুল অর্থ বিনিয়োগ করে অবকাঠামো তৈরি করেছে। আর এখন সেটিই ব্যবহার করছে অন্যরা। ফলে একধরনের অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে।
ফ্রেডারিক বাকসাসের এই বক্তব্যের পর যাঁরা নতুন করে আরেকটি যুদ্ধ দেখতে চাইছিলেন তাঁরা স্পষ্টতই হতাশ হয়েছেন। কারণ মার্ক জাকারবার্গ কোনো বিতর্কে না গিয়ে মোবাইল অপারেটরদের ভূমিকা মেনে নেন। তিনি বলেন, ইন্টারনেটডটঅর্গের উদ্দেশ্য হচ্ছে উঠতি অর্থনীতির দেশগুলোতে মানুষ যাতে কিছু অ্যাপসসে বিনা মূল্যে প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করা। এতে করে টেলিকম অপারেটরদেরই সুবিধা হবে। কারণ তারা তখন গ্রাহকদের আরও বেশি সময় মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের কথা বলতে পারবে। যেমন প্যারাগুয়ে ও জিম্বাবুয়েতে ফেসবুকসহ নির্দিষ্ট কয়েকটি অ্যাপসে বিনা মূল্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এতে করে অনেকেই প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহার করছে। এখন তারা অন্যান্য উপাত্ত বা ডেটা প্যাকেজ ব্যবহারের জন্য আরও অর্থ ব্যয় করবে। মার্ক জাকারবার্গ জানান, এভাবেই অপারেটরগুলো আরও ব্যবসা বাড়াতে পারবে।
ফেসবুক প্রতিষ্ঠাতা আরও বলেন, একসময় মোবাইল অপারেটররা কথা বলা ও বার্তা আদান-প্রদানের বিষয়েই ব্যবসা করেছে। কিন্তু এখন ব্যবসা উপাত্ত ব্যবহারের দিকে চলে গেছে। এখন ফেসবুকের মতো সাইট উপাত্ত ব্যবহারকে বাড়িয়ে দিয়েছে এবং এটাই ব্যবসার ভবিষ্যৎ। গুগল অন্য প্রতিষ্ঠানের সহযোগিতায় নিজস্ব মোবাইল সেবা দেওয়ার যে ঘোষণা দিয়েছে জাকারবার্গ তাতেও সমর্থন দিয়ে বলেন, তিনিও তাদের সঙ্গে কাজ করতে চান, বিশেষ করে প্রাথমিকভাবে উঠতি ও উন্নয়নশীল বাজারগুলোর জন্য।
ইন্টারনেটডটঅর্গের অংশীদার মোবাইল কোম্পানি এয়ারটেল আফ্রিকার প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান ডি ফারিয়া বলেন, শুরুতে তিনি ফেসবুকের উদ্যোগটি নিয়ে সন্দিহান ছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ইন্টারনেটডটঅর্গের কারণে ব্যবসা আরও বেড়েছে, গ্রাহকেরা আরও বেশি উপাত্ত ব্যবহার করছেন।
ইন্টারনেটডটঅর্গের আরেক অংশীদার মিলিকমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মারিয়ো জেনোত্তি বলেন, শুরুটা ভালো হয়েছে। প্যারাগুয়েতে বিনা মূল্যে কিছু সাইট বা অ্যাপস ব্যবহারের সুযোগ দেওয়ার পর থেকে ৩০ শতাংশ অন্যান্য উপাত্ত ব্যবহার বেড়ে গেছে। আর তাঞ্জানিয়ায় স্মার্টফোনের বিক্রি বেড়েছে ১০ শতাংশ।
টেলিনর ফেসবুকের এ উদ্যোগের অংশীদার নয়। তিনি তাঁর সংশয় তার পরও লুকালেন না। বললেন, শুরুতে আগ্রহোদ্দীপক তথ্য এলেও এগুলো টেকসই হতে হবে। তাহলেই এটি ব্যবসার অংশ হবে। তার আগে নয়।
সবশেষে মার্ক জাকারবার্গ এই সংশয় একদম উড়িয়ে না দিয়ে এই বলে শেষ করলেন যে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে, যাতে সবাই এ থেকে লাভ পেতে পারেন। তাঁর ভাষায়, ‘উইন-উইন সিচুয়েশন’।
বিষয়টি নিয়ে এবারের মোবাইল কংগ্রেসে বড় ধরনের বিতর্ক না হওয়ায় অনেকেই হতাশ হয়েছেন। মার্কিনভিত্তিক নিউজ ওয়েবসাইট বিজনেস ইনসাইডার একটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, জাকারবার্গের বক্তৃতার সময় কয়েকজন ঘুমাচ্ছেন অথচ এঁরা প্রায় দুই ঘণ্টা লাইন দিয়ে তবেই প্রবেশ করতে পেরেছিলেন।
তারা অবশ্য আরেকটি ছবিও প্রকাশ করতে পারত। মার্ক জাকারবার্গের অধিবেশনটি শেষে সবাই যখন একসঙ্গে বের হলো, দেখা গেল ট্যাক্সিক্যাব পাওয়ার লাইনে অন্তত হাজার দুই মানুষ দাঁড়িয়ে। দীর্ঘ সেই লাইনে দাঁড়িয়ে যখন ট্যাক্সি পেলাম, তখন বাজে রাত প্রায় সাড়ে নয়টা। হিসাবটা হচ্ছে, এক মার্ক জাকারবার্গকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতে হলো চার ঘণ্টারও বেশি। মার্ক জাকারবার্গ তো এই পৃথিবীতে বারবার আসবেন না। ফলে কাউকে খুব একটা বিরক্ত দেখা গেল না।