জানুয়ারি থেকে তেল উত্তোলন কমাবে ওপেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম বাড়ানোর লক্ষ্যে তেল উত্তোলন কমাতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। গত আট বছরের মধ্যে এটা হচ্ছে ওপেকের তেল উত্তোলন কমানোর প্রথম সিদ্ধান্ত। গতকাল বুধবার ভিয়েনায় এক বৈঠককে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওপেকের প্রেসিডেন্ট মোহাম্মেদ বিন সালেহ আল সাদা বলেন, জানুয়ারি থেকে প্রতিদিন ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ওপেকের এ সিদ্ধান্তের কারণে আজ লেনদেনের শুরুতে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। অশোধিত জ্বালানি তেলের দাম ১০ শতাংশ বেড়ে হয়েছে ৫১ দশমিক ৯৪ ডলার। যুক্তরাষ্ট্রভিত্তিক অশোধিত তেলের দাম ৯ শতাংশ বেড়ে হয়েছে ৪৯ দশমিক ৫৩ ডলার।

মোহাম্মেদ বিন সালেহ আল সাদা বলেন, ‘ওপেক-বহির্ভূত দেশগুলোও প্রতিদিন ছয় লাখ ব্যারেল তেল উত্তোলন কমাবে বলে আশা করছি আমরা।’ তিনি বলেন, তেল উত্তোলনকারী দেশগুলো বিশ্ব অর্থনীতির কথা চিন্তা করে একটি দায়িত্ব অনুভব করেছে। তাই এই সিদ্ধান্ত।

ওপেক-বহির্ভূত কোন দেশগুলো তেল উত্তোলন কমাবে, তার কোনো তালিকা আল সাদা দেননি। তবে এটি বলার অপেক্ষা রাখে না যে এই তালিকায় রাশিয়া রয়েছে। দেশটি তিন লাখ ব্যারেল তেল উত্তোলন কমাতে প্রস্তুত আছে। রাশিয়া প্রতিদিন এক কোটি ব্যারেলের বেশি তেল উত্তোলন করে। এ ছাড়া ওপেকভুক্ত দেশ সৌদি আবর জানুয়ারি থেকে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল তেল কমাতে সম্মত হয়েছে।

আন্তর্জাতিক বাজারে ২০১৪ সালের জুন থেকেই কমতে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। অধিক উত্তোলনের কারণে বিশ্ববাজারে জোগান বেড়ে যায় তেলের। দুই বছরের মধ্যে তেলের দাম ৬০ শতাংশ পর্যন্ত কমে যায়।