বিশ্বের তৃতীয় ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান আবারও মন্দার কবলে পড়েছে। চলতি বছরের এপ্রিল-জুনের পরে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকেও অর্থনীতি সংকুচিত হওয়ায় দেশটি মন্দায় ঢুকে গেল।
বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি বার্ষিক ভিত্তিতে শূন্য দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছে। এর আগে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছিল শূন্য দশমিক ৭ শতাংশ। প্রধানত অভ্যন্তরীণ বাজারে পণ্যসেবার চাহিদা কমে যাওয়ায় মন্দা ত্বরান্বিত হয়েছে।
কোনো দেশের অর্থনীতি পরপর দুই প্রান্তিকে সংকুচিত হলে সেটাকে বলা হয় অর্থনৈতিক মন্দা।
২০০৭ সালের জুলাইয়ে বিশ্ব অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর থেকে জাপানের অর্থনীতি এ নিয়ে চতুর্থবারের মতো মন্দায় পড়ল।
এদিকে অর্থনীতিবিদেরা বলছেন, জাপান সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের ওপর এখন অর্থনৈতিক পুনরুদ্ধারের চাপ অব্যাহত থাকবে।
গতি ফিরছে ফ্রান্সের ব্যবসা-বাণিজ্যে: সন্ত্রাসী হামলার ধকল ও শোক কাটিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে মানুষের জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। দোকানপাট খুলতে ও ব্যবসায়িক কর্মকাণ্ড চলতে শুরু করেছে। সতর্কতার সঙ্গে বিমানের উড্ডয়ন, রেল ও ফেরির চলাচল আবার শুরু হয়েছে। গত শুক্রবারের ওই হামলায় প্যারিসে অন্তত ১২৯ জন নিহত হন।
তবে সন্ত্রাসী হামলাটির কারণে ফ্রান্সের পর্যটন ব্যবসায় মন্দা নেমে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ দেশটির জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় সাড়ে ৭ শতাংশের মতো।
আন্তর্জাতিক শেয়ারবাজার: প্যারিসে হামলার পরে প্রথম লেনদেন দিবস সোমবার যুক্তরাষ্ট্রের ওয়ালস্ট্রিটের শেয়ারবাজারে ইতিবাচক ধারার প্রভাবে গতকাল এশিয়া ও ইউরোপের বড় বাজারগুলোর সূচক চাঙা হয়েছে। যুক্তরাষ্ট্রের ডাউ জোন্স সূচক ১ দশমিক ৩৮ ও নাসডাক ১ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। লন্ডনের এফটিএসই ১০০ সূচক বেড়েছে ১ দশমিক ৭৪ শতাংশ।
এশিয়ায় জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ১ দশমিক ২২ শতাংশ, চীনের সাংহাই সমন্বিত সূচক দশমিক শূন্য ৬ শতাংশ, হংকংয়ের হেংসেং সূচক ১ দশমিক ১৫ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ১ দশমিক শূন্য ৬ শতাংশ এবং অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক প্রধান শেয়ার সূচক এসঅ্যান্ডপি/এএসএক্স ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। খবর বিবিসির।