জাপানে অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে আছে
জাপানে ব্যাপক ব্যয়নীতির পদক্ষেপ নেওয়া সত্ত্বেও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি থমকে আছে। দ্বিতীয় প্রান্তিকে, অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির বেড়েছে বার্ষিক শূন্য দশমিক ২ শতাংশ হারে, যা এর আগে শূন্য দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। প্রথম প্রান্তিকে দেশটির অর্থনীতি সম্প্রসারিত হয়েছিল প্রায় ২ শতাংশ হারে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়েছে।
সম্প্রতি অর্থনৈতিক গতি ত্বরান্বিত করতে ২৮ ট্রিলিয়ন ইয়েনের প্রণোদনা প্যাকেজ হাতে নিয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির এ দেশের সরকার। ভোক্তা ব্যয় বাড়াতে প্রায় ঋণাত্মক সুদের হার নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তারপরও অর্থনৈতিক গতি তেমন লক্ষ করা যাচ্ছে না দেশটিতে।
এ সংবাদের পর পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব লক্ষ করা যায়। লেনদেনের শুরুতেই প্রধান সূচক নিকেই কমে যায় শূন্য দশমিক ৩ শতাংশ।
তবে বিশ্লেষকেরা বলছেন, অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতে পারত। যে হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে, তা আশঙ্কার নয়। দেশীয় চাহিদা, মূলধন ব্যয় এবং নেট রপ্তানি কমলেও ভালো খবর হলো জাপানি মুদ্রা শক্তিশালী হওয়া। এখন দেখা যাক, চলতি বছর প্রবৃদ্ধি ঠিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক আর কী কী পদক্ষেপ নেয়।