
বুলেট ট্রেনের পর জাপান এবার চালু করতে যাচ্ছে রোবটচালিত গাড়ি। জি-৭ সম্মেলন উপলক্ষে গত বুধবার থেকে এসব রোবটচালিত গাড়ির প্রদর্শনী শুরু হয়েছে জাপানের দক্ষিণের শহর ইসে-শিমার আন্তর্জাতিক মিডিয়া সেন্টারে। আগ্রহীদের অনেকেই এই গাড়িতে চড়ে মিডিয়া সেন্টারের মাঠে চক্কর দেন। ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমসের আগেই তা বাণিজ্যিকভাবে চালু করার ঘোষণা দিয়েছে নির্মাতারা।
নতুন প্রযুক্তির উদ্ভাবক হিসেবে জাপানিদের সুনাম রয়েছে। জাপান সর্বশেষ অলিম্পিক গেমসের আয়োজন করেছিল ১৯৬৪ সালে। ওই আয়োজনকে স্মরণীয় করে রাখার জন্য প্রথমবারের মতো টোকিও থেকে ওসাকা নগর পর্যন্ত দ্রুতগতির বুলেট ট্রেন চালু করেছিল জাপান। জাপানিরা এই ট্রেনের নাম দিয়েছে শিঙ্কানসেন, যা এখন দেশটির সবচেয়ে নিরাপদ ও জনপ্রিয় বাহন হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমানে জাপানে ২ হাজার ৭৬৫ কিলোমিটার বুলেট ট্রেন লাইন রয়েছে। ব্যস্ত সময়ে গড়ে ১৩টি বুলেট ট্রেন চলাচল করে।
রোবট ট্যাক্সিও একইভাবে জনপ্রিয় হবে বলে মনে করছে নির্মাতা প্রতিষ্ঠান রোবট ট্যাক্সি ইনকরপোরেশন। প্রতিষ্ঠানের তথ্য কর্মকর্তা তোমোউকি আকিয়ামা প্রথম আলোকে বলেন, জাপানে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে। অনেক প্রতিবন্ধী মানুষও আছে। এ ছাড়াও অনেকেই গাড়ি চালাতে আগ্রহী হন না। তাঁদের জন্য রোবট ট্যাক্সি খুবই ভালো বিকল্প হবে। এর নিরাপত্তাব্যবস্থা খুবই উন্নত এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে দুর্ঘটনার সম্ভাবনাও নেই।
জাপান জি-৭ সম্মেলনে জাপানের মূল স্লোগান ‘মানসম্মত অবকাঠামো’। বুলেট ট্রেন ও রোবটচালিত গাড়ি এর উদাহরণ। জাপানি কর্মকর্তা ও সাংবাদিকেরা বলছেন, চীনের কর্তৃত্ব রুখতেই এই স্লোগান। আগামী পাঁচ বছরে অবকাঠামো খাতে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান।
৫১ বছরে প্রাণহানি নেই বুলেট ট্রেনে: সারা বিশ্বে ট্রেনে যাতায়াতকে নিরাপদ মনে করা হয়। এরপরও দুর্ঘটনা ঘটেই। যদি কোনো ট্রেনের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার হয়, তাহলে তো ঝুঁকি বাড়ারই কথা। কিন্তু ব্যতিক্রম জাপানের বুলেট ট্রেন। চালুর পর থেকে গত ৫১ বছরে জাপানের বুলেট ট্রেনে একজনও দুর্ঘটনায় মারা যায়নি।
এবারের জি-৭ সম্মেলন উপলক্ষে বাংলাদেশসহ ১০টি দেশের সাংবাদিকদের আমন্ত্রণ জানায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিকদের জন্য করা কর্মসূচির মধ্যে বুলেট ট্রেনে টোকিও থেকে নাগোইয়া ভ্রমণও রাখা হয়। ২৪ মে বিকেল ৪টা ২০ মিনিটে ট্রেন। সঙ্গে থাকা গাইড জানালেন, বিকেলে টোকিও স্টেশন যাত্রীতে ঠাসা থাকে। তাই সবাইকে একসঙ্গে থাকতে হবে, নতুবা খুঁজে পাওয়া যাবে না। ৩০ সেকেন্ড দেরি হলেও ট্রেন মিস করতে হবে।
টোকিও স্টেশনে যাওয়ার পর দেখা গেল আসলেই লোকে লোকারণ্য। একসঙ্গে দুই লাইনে দুটি বুলেট ট্রেন দাঁড়ানো। এ দুটি ট্রেন ছেড়ে গেলেই নাগোইয়ামুখী ট্রেন আসবে। সেটাতেই উঠতে হবে সাংবাদিক দলকে। ৪টা ১০ মিনিটে ট্রেন এল। টোকিও শুরুর স্টেশন বলে এখানে বিরতি ১০ মিনিটের। ঠিক চারটা ২০ মিনিটে ট্রেন ছেড়ে দেয়।
জাপানের রেলওয়ে ব্যুরোর কর্মকর্তা রইসি আকিমুতু সাংবাদিকদের বলেন, জাপানের মানুষ এমনিতে অতিরিক্ত শব্দ পছন্দ করে না। এ জন্য ওই দেশের বুলেট ট্রেন, মেট্রো ও অন্যান্য ট্রেনে শব্দ কমানোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর জন্য বাড়তি খরচ করতে হয়েছে। সে দেশের মানুষও এর জন্য বাড়তি ব্যয় করতে কুণ্ঠাবোধ করে না।
জাপান বিশ্বের শীর্ষ গাড়ি উৎপাদনকারী দেশের একটি। কিন্তু সে দেশে গাড়ির চেয়ে রেল বেশি জনপ্রিয়। জাপান রেলওয়ে ব্যুরোর তথ্যমতে, টোকিও শহরের ৬০ শতাংশ যাতায়াত হয় ট্রেনে। ব্যক্তিগত গাড়িতে যাতায়াত ৩২ শতাংশ। আর বাসে চড়ে ৬ শতাংশ মানুষ। বাকি ২ শতাংশ ট্যাক্সিতে যাতায়াত করে।
সংস্থাটির দেওয়া তথ্যমতে, মানুষ কম দূরত্বের যাতায়াত করে মেট্রোরেলে। বেশি দূরত্বে বুলেট ট্রেনে। আর চার ঘণ্টার বেশি সময় ভ্রমণ করতে হলে বিমানে চড়ে।
রেলওয়ে ব্যুরোর কর্মকর্তা জানান, জাপানের বাইরে তাইওয়ানে ২০০৭ সালে প্রথম বুলেট ট্রেন চালু হয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ড বুলেট ট্রেন চালুর বিষয়ে আগ্রহ দেখিয়েছে।