জাল মুদ্রা ধরতে পুলিশকে প্রশিক্ষণ দেবে ভারত
নকল ভারতীয় মুদ্রা ধরতে বাংলাদেশের ২০০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে সন্ত্রাসবিষয়ক ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। ভারতে ৮০ শতাংশ জাল রুপি বাংলাদেশ থেকে আসে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই), অর্থ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পুলিশ সদস্যদের এ প্রশিক্ষণ দেবে। ২০১২-১৩ সালের আগে ভারতে কী পরিমাণ জাল রুপি আছে, এর সঠিক পরিসংখ্যান ছিল না। দেশটিতে জাল রুপির পরিমাণ বের করতে ওই সময় কলকাতাভিত্তিক একটি গবেষণাপ্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় এনআইএ। ওই প্রতিষ্ঠানের হিসাবে ভারতে এখন ৭০ হাজার কোটি রুপির সমপরিমাণ মূল্যের জাল নোট আছে। এই অর্থ ভারতে ছড়িয়ে দিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বড় ভূমিকা রয়েছে বলে সন্দেহ ভারতীয় গোয়েন্দাদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত জাল অর্থের এক-তৃতীয়াংশ ধরতে সক্ষম হয়েছে বলে মনে করা হয়।
এনআইএর কর্মকর্তারা মনে করেন, জাল রুপির পাচার বন্ধে বাংলাদেশ সহযোগিতার হাত বাড়ানোয় পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। জাল অর্থ মানুষ, মাদক, গরু পাচারের মতো কাজে বেশি ব্যবহার করা হয়।
বাংলাদেশকে জাল রুপি শনাক্ত করার যন্ত্রও সরবরাহ করা হবে। এসব যন্ত্র বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, ইমিগ্রেশন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হবে। জাল নোট ধরতে বাংলাদেশে একটি ফরেনসিক পরীক্ষাগার স্থাপনেও ভারত সহযোগিতা করবে বলে জানা গেছে। বিজনেস স্ট্যান্ডার্ড অবলম্বনে