জুলাই থেকে নারী ব্যাংককর্মীদের ঘরে পাঠিয়েছে তালেবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এর কয়েক মাস আগে থেকেই তারা ক্ষমতার বিস্তার শুরু করে। জুলাই মাসেই তালেবান বিভিন্ন অফিসে গিয়ে নারীদের বাড়ি পাঠিয়ে দেয়। তাঁদের কাজে ফিরতেও নিষেধ করে। তবে ঠিক কত নারীর সঙ্গে এ ধরনের আচরণ করা হয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।

গণমাধ্যম আল–জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তালেবান কান্দাহার রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার পরে সেখানকার আজিজি ব্যাংকের এক শাখায় গিয়ে সব নারীকে অফিস ছাড়ার নির্দেশ দেয়। বন্দুকধারীদের কড়া পাহারায় নারীদের বাড়িতে দিয়ে আসা হয়। তাঁদের বলা হয়, তাঁরা যেন আর কাজে না আসেন, তবে তাঁদের বদলে চাইলে পরিবারের কোনো পুরুষ সদস্য তাঁদের চাকরি নিতে পারবেন।

আজিজি ব্যাংকের সেই শাখায় ৯ জন নারী কর্মী ছিলেন। তেমনই একজন নুর খাতেরা। তিনি ব্যাংকটিতে হিসাবরক্ষকের দায়িত্বে ছিলেন। তিনি বলেন, ‘আমি ইংরেজি এবং কম্পিউটার চালানো শিখেছিলাম, কিন্তু এখন আমাকে শুধু নারীরা আছেন, এমন জায়গার কাজ করার কথা বলা হয়েছে।’

১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আফগানিস্তানে তালেবান শাসন করে। এ সময়ে আফগান নারীদের অবস্থা সবচেয়ে খারাপ হয়। শিক্ষা, কর্মসংস্থান, ক্ষমতায়ন—সব ক্ষেত্রেই নারীদের অবরুদ্ধ করে রাখা হয়। ২০০১ সালে তালেবানের পতনের পরও আফগানিস্তানে নারীদের অবস্থান খুব ধীরে উন্নত হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্যমতে, ২০০১ থেকে ২০১৯ পর্যন্ত ১৮ বছর মাত্র ২১ দশমিক ৭৬ শতাংশ আফগান নারী বাইরে কাজ করতেন। ২০০০ সালের তুলনায় যা ৬ দশমিক ৯১ শতাংশ বেশি। তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পরে এতটুকু উন্নয়নও শেষ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আফগানিস্তান উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত আফগান নারীরা ধীরে হলেও অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। ২০২০ সালে দেশটির ৩৪টি প্রদেশে অন্তত ১ হাজার ৫০০ নারী মালিকানাধীন প্রতিষ্ঠান ছিল। যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে অন্তত ৭০ হাজার নারী ও পুরুষের কর্মসংস্থান হয়। অপ্রাতিষ্ঠানিক ব্যবসায় নারী মালিকানাধীন প্রতিষ্ঠান ছিল অন্তত ২০ হাজার। যেখানে ২০০৩ সালে দেশটির মাত্র ১০ শতাংশ মেয়ে মাধ্যমিক বিদ্যালয়ে যেত, সেখানে ২০১৭ সাল পর্যন্ত এই সংখ্যা ৩৩ শতাংশ পর্যন্ত ওঠে। সব মিলিয়ে ২০১৭ সাল পর্যন্ত দেশটির ৩৫ লাখ মেয়ে স্কুলে এবং ১ লাখ নারী বিশ্ববিদ্যালয়ে যেতে পেরেছিলেন।

গত বছর ২৯ ফেব্রুয়ারি কাতারের দোহাতে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের যে চুক্তি হয়, সে চুক্তিতে যুক্তরাষ্ট্র খুব কম দর-কষাকষিই করতে পেরেছে। তালেবান শুধু যুক্তরাষ্ট্র ও এর মিত্র বাহিনীর সৈন্য, সম্পদ ও নাগরিকদের ওপর হামলা না করতে সম্মত হয়। এর বাইরে যুক্তরাষ্ট্র সৈন্য সরিয়ে নেওয়ার পরে আফগানিস্তানের ভবিষ্যৎ কী হবে, তা পুরোটাই নির্ভর করে তালেবান নেতৃত্ব এবং আফগান সরকারের ওপর। এর মধ্যে আফগান সরকার ইতিমধ্যে স্বেচ্ছায় পিছিয়ে গেছে। ফলে ধরে নেওয়া যায়, আফগানিস্তানের সরকারব্যবস্থার মতো নারীনীতিও এখন পুরোপুরি নির্ভর করছে তালেবানের ওপর।

পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রামাঞ্চলে তালেবানের গোঁড়ামির পাশাপাশি আফগান ঐতিহ্যের কড়াকড়িও নারীদের বিপক্ষে যাবে। গত ২০ বছর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকার পরও জাতিসংঘের জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ আফগান নারী পারিবারিক সহিংসতার শিকার। আফগানিস্তানে পারিবারিক সহিংসতায় আত্মরক্ষার জন্যও কোনো নারী যদি সঙ্গীকে আঘাত করেন, তবে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংসের প্রেসিডেন্ট জন আর অ্যালেন গত বছর সেপ্টেম্বরে প্রকাশিত তাঁর এক প্রবন্ধে লেখেন, আফগান নারীদের ৭৬ শতাংশ বসবাস করে গ্রামে। এসব নারী অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক ক্ষমতায়ন দেখেননি। তাঁরা শুধু তালেবান, আফগান সরকার ও স্থানীয় বিদ্রোহীদের মধ্যকার নৃশংস যুদ্ধ দেখেছেন। এসব যুদ্ধে তাঁরা বাবা, স্বামী, পুত্র ও ভাইদের হারিয়েছেন। তালেবানের ফিরে আসা তাঁদের অর্থনৈতিকভাবে টিকে থাকাকেও ঝুঁকিতে ফেলেছে।