ঝুঁকিপূর্ণ পোশাক কারখানা খুঁজে পেয়েছে অ্যাকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের ভূমিকম্পের প্রভাব
নেপালের ভূমিকম্পের প্রভাব

সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া তিনটি ঝুঁকিপূর্ণ তৈরি পোশাক কারখানা খুঁজে পেয়েছে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড। কারখানাগুলো সাময়িকভাবে বন্ধও করে দেওয়া হয়েছে। অ্যাকর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এমনটি জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। তবে কারখানা তিনটির নাম প্রকাশ করা হয়নি।
দি বাংলাদেশ অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রেড লয়েন এএফপিকে বলেছেন, ‘নেপালের ভূমিকম্পের পর আমরা ৬১ পোশাক কারখানা পরিদর্শন করেছি। এগুলোর মধ্যে তিনটিতে ঝুঁকিপূর্ণ ফাটল পাওয়া যায়।’ তিনি জানান, কাঠামোগত প্রকৌশলী দিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই কারখানাগুলোর কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এদিকে তিন কারখানার বিষয়ে এখন পর্যন্ত অবগত নয় বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। পরিদর্শন কার্যক্রমে পাওয়া ঝুঁকিপূর্ণ কারখানা স্থায়ীভাবে বন্ধ করতে হলে রিভিউ প্যানেলে পাঠাতে হয়। প্যানেলের প্রকৌশলীরাই যাচাই-বাছাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত দেন। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে গঠিত এই কমিটির নেতৃত্বে আছে অধিদপ্তর।
অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক ওবায়দুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আজ অ্যাকর্ড দুটি কারখানার বিষয়ে আমাদের ই-মেইল পাঠিয়েছে। তবে কারখানাগুলো ভূমিকম্পের কারণে ঝুঁকিপূর্ণ—এমন কোনো তথ্য সেখানে উল্লেখ করা হয়নি।’ তিনি জানান, ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ কারখানার খোঁজ পাওয়া যায়নি।
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘আমরা এ বিষয়ে কিছু জানি না। তবে ভূমিকম্পের পর বিজিএমইএর প্রকৌশলীরা ১০টি কারখানা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তবে নেতিবাচক কিছু পাওয়া যায়নি।’
গত ২৫ এপ্রিল দুপুরে নেপালে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে এখন পর্যন্ত দেশটিতে সাত হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেদিনের ভূমিকম্পে বাংলাদেশও কেঁপে ওঠে। সারা দেশে অনুভূত কম্পনের তীব্রতা ছিল ৩ দশমিক ৫। ভূমিকম্পের পরপরই অ্যাকর্ড বিবৃতি দেয়। এতে ভূমিকম্পের প্রভাব মূল্যায়নের কথা বলা হয়। এ জন্য কারখানার মালিকদের সহযোগিতার আহ্বান জানায় অ্যাকর্ড। অন্যদিকে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্সও একই ধরনের বিবৃতি দেয়।
খোঁজ নিয়ে জানা যায়, ভূমিকম্পের পর অ্যালায়েন্স ২৯ কারখানা পরিদর্শন করে। এর মধ্যে তিনটি কারখানায় ফাটল পাওয়া যায়। এ জন্য ২৬ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত আরমানা ও ক্লাসটন নামের দুটি কারখানা সাময়িক বন্ধ ছিল। তবে রিভিউ প্যানেলের বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এগুলো ঝুঁকিমুক্ত ঘোষণা করেছেন। আজ বুধবার থেকে ওই দুটি কারখানা চালু হবে।
জানতে চাইলে অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন এ প্রতিবেদককে বলেন, ‘ভূমিকম্পের পর শ্রমিকেরা আমাদের হটলাইনে ফোন করে আতঙ্কের কথা জানান। সেই সূত্র ধরে ১৮টি কারখানা ও আগে রিভিউ প্যানেলে গিয়েছিল এমন ১১টি কারখানা আমরা পরিদর্শন করি।’ সাময়িক বন্ধ থাকা দুই কারখানা বিষয়ে তিনি বলেন, ভবনে ফাটল পাওয়া গেলেও সেগুলো ঝুঁকিপূর্ণ নয় বলে মত দিয়েছেন প্রকৌশলীরা।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নত করতে গঠিত হয় ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স।