টনি ওয়েস্ট এখন যুক্তরাষ্ট্রের '৩৬ বিলিয়ন ডলারম্যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সততা ও নিষ্ঠা থাকলে যে দেশের জন্য অনেক ভালো কাজ করা যায় তার নতুন একটি উদাহরণ সৃষ্টি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের তৃতীয় শীর্ষ কর্মকর্তা টনি ওয়েস্ট। তিনি ইতিমধ্যে দেশটির ব্যাংকিং খাতে জালিয়াতির প্রতিকারে রীতিমতো ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়ে উঠেছেন।
জালিয়াতি করা কিছু ব্যাংকের কাছ থেকে ৩৬ বিলিয়ন বা তিন হাজার ৬৬০ কোটি ডলার আদায় করেছেন। এই অর্থ বাংলাদেশের প্রায় দুই লাখ ৮৮ হাজার কোটি টাকার সমান। জালিয়াতির মাধ্যমে দেশে অর্থনৈতিক সংকট সৃষ্টিকারী ব্যাংকগুলোকে জবাবদিহির মধ্যে নিয়ে আসার ব্যাপারে তাঁকেই এখন মার্কিন বিচার মন্ত্রণালয়ের প্রধান অস্ত্র বলে মনে করা হয়।
অথচ বাংলাদেশের ব্যাংক খাতে হরহামেশাই দুর্নীতি-জালিয়াতি সংঘটিত হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে বলেন, আমেরিকা যেটি করেছে সেটি হলো বেসরকারি কমিশন গঠনের মাধ্যমে কয়েকটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়। আমাদের দেশে এই ধরনের কোনো বিধান করা যায় কি না, সেটি আইনজ্ঞরা ভালো বলতে পারবেন। তবে বাংলাদেশ ও ভারতসহ এই অঞ্চলে এই ধরনের কমিশন গঠন করে জরিমানা আদায়ের কোনো নজির নেই।
তবে ইব্রাহিম খালেদ আরও বলেন, বাংলাদেশে কোনো ব্যাংক অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে। সেই আইনবলে অনিয়মের দায়ে বেসরকারি বিভিন্ন ব্যাংকের কাছ থেকে জরিমানা আদায়ের অনেক উদাহরণ বাংলাদেশ ব্যাংকের রয়েছে।
আবার ফেরা যাক টনির সাফল্যের কথায়। গত ১৩ জুন আলাস্কায় টনি ওয়েস্টের সঙ্গে দেখা করেন শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান সিটিগ্রুপের আইনজীবীরা। তাঁরা ব্যাংকটির বিরুদ্ধে চলমান তদন্ত নিষ্পত্তিতে এক মাস সময় চান। ভুয়া তথ্য দিয়ে বন্ধকি সম্পদ বিক্রি করার কারণে সিটিগ্রুপের বিরুদ্ধে তদন্ত শেষ করে বিচার মন্ত্রণালয় তখন পরবর্তী সপ্তাহে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল। আইনজীবীরা টনি ওয়েস্টকে প্রস্তাব দেন যে সিটিগ্রুপ মামলার মোকাবিলা করার চেয়ে ৩০০ থেকে ৪০০ কোটি ডলার জরিমানা দিয়ে অভিযোগ নিষ্পত্তি করতে চায়। শেষ পর্যন্ত অবশ্য ৭০০ কোটি ডলার জরিমানা দিয়ে মামলা এড়াতে পেরেছে সিটিগ্রুপ।
মাস দুয়েকের মধ্যেই আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন টনি। এবার ব্যাংক অব আমেরিকা একই ধরনের অপরাধের দায়ে মার্কিন কর্তৃপক্ষকে এক হাজার ৬৬৫ কোটি ডলার জরিমানা দিতে রাজি হওয়ায় তাঁর নামই উঠে আসে কৃতিত্বের পুরোভাগে। তবে এর আগে কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা চলে এবং দর-কষাকষিতে বনিবনা না হওয়ায় একপর্যায়ে তা থেমেও যায়। কারণ বিচার মন্ত্রণালয় প্রাথমিকভাবে সিটিগ্রুপের কাছে দুই হাজার কোটি ডলারের জরিমানা চেয়েছিল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ ছিল, মিথ্যা তথ্য দিয়ে বিনিয়োগকারীদের ঠকানো।
সিটিগ্রুপ ও ব্যাংক অব আমেরিকার আগেও আরেকটি অভিযোগ-তদন্ত নিষ্পত্তিতে সাফল্য দেখিয়েছেন টনি। সেই জরিমানা তিনি আদায় করেন জেপি মর্গ্যান চেজের কাছ থেকে। আদায়ের পরিমাণ হলো এক হাজার ৩০০ কোটি ডলার। জেপি মর্গ্যানও বন্ধকি ঋণ নিয়ে জালিয়াতি করেছিল।
টনি সম্প্রতি এক বক্তৃতায় তাঁর কার্যক্রম সম্পর্কে বলেন, ‘আমি অভিযোগ নিষ্পত্তি কিংবা মামলা দায়ের—এ দুটি বিকল্প মাথায় নিয়েই আলোচনার টেবিলে যাই। আর আলোচনার টেবিলে প্রধান প্রশ্নই থাকে, আমরা স্বচ্ছতা, জবাবদিহি ও ক্ষতিপূরণ এই তিন মূলনীতি মেনে চলতে পারব কি না।’
সমঝোতা আলোচনা চালিয়ে যাওয়ার সময় টনি যে কৌশল নেন সেটি হলো, তিনি একদিকে ব্যাংকের সঙ্গে দর কষাকষি করেন, অন্যদিকে সরকার বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সঙ্গেও কথা বলেন। তবে উভয় পক্ষকেই তিনি একধরনের অস্পষ্টতার মধ্যে রাখেন। অর্থাৎ এক পক্ষের সঙ্গে আলাপ হচ্ছে সেটি অন্য পক্ষকে বলেন না। এভাবেই তিনি সমাধানে পৌঁছান।
জেপি মর্গ্যানকে দিয়েই টনির এই সাফল্যের শুরু। এই প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনার শুরুতে তিনি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসহ বিভিন্ন রাজ্যের অ্যাটর্নি জেনারেলদের (প্রধান আইন কর্মকর্তা) সঙ্গে পরামর্শ করে নেন।
জালিয়াতি করা ব্যাংকগুলোকে টনি নানা অভিধায় অভিহিত করে থাকেন। যেমন ব্যাংক অব আমেরিকাকে তিনি বলেছেন টক দুধ বিক্রয়কারী মুদি দোকান। আর স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর (এসঅ্যান্ডপি) সম্পর্কে বলেছেন, ‘এটি আপনার প্রিয় কসাইয়ের কাছ থেকে কিমা কেনার মতো। যে কসাই জানান, এটা আজ সকালের তাজা কিমা। কিন্তু কসাইটি আপনাকে যে কথাটি বলে না সেটি হলো, ওই কিমা আসলেই পচা মাংসের; যা বিক্রি না হলে তিনি রাতে ফেলে দিতেন।’
ক্যালিফোর্নিয়ার অধিবাসী টনি ওয়েস্ট স্ট্যানফোর্ড ল স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ে যোগ দেন। আট বছর চাকরির পর তিনি দুবার ভোটে দাঁড়ান এবং হেরে যান। ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি বারাক ওবামার জন্য তহবিল সংগ্রহে নামেন। ২০০৯ সালে আবার তিনি বিচার মন্ত্রণালয়ে ফিরে আসেন এবং ২০১৩ সালে তৃতীয় শীর্ষ কর্মকর্তা হন।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস