টাটা গোষ্ঠীতে রদবদল

বিশ্বের তাবৎ করপোরেট দুনিয়াকে চমকে দিয়ে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরিয়ে সাবেক চেয়ারম্যান রতন টাটা গতকাল মঙ্গলবার জানিয়ে দিলেন, এটা মালিকানার যুদ্ধ নয়। বরং এই সিদ্ধান্ত যে প্রত্যাশার ঘাটতির কারণে, রতন টাটার মন্তব্যে গতকাল সেটাও বোঝা গেল। গোষ্ঠীর সব সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে বর্ষীয়ান রতন টাটা জানিয়ে দিলেন, নেতৃত্বকে ছাপিয়ে সংস্থাকে বড় হতে হবে। কোম্পানিকে করে তুলতে হবে সবার সেরা।
দীর্ঘ ২১ বছর ধরে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদে থেকে অবসর নেওয়া ৭৮ বছরের রতন টাটা সংস্থার প্রধানদের এ কথাও বললেন, ‘নেতৃত্বে পরিবর্তন ঘটেছে বলে চিন্তার কোনো কারণ নেই। সাময়িকভাবে আমি আবার দায়িত্ব নিয়েছি। শিগগিরই স্থায়ী চেয়ারম্যান দায়িত্ব নেবেন।’ রতন টাটা বলেন, ‘বাজার ও প্রতিযোগিতার ওপর নজর রেখে এগিয়ে যান। নিজেদের অতীতের সঙ্গে তুলনায় যাবেন না। চলুন, সবাই মিলে ফের গোষ্ঠীকে গড়ে তুলি।’
গত সোমবার সংস্থার পরিচালনা পর্ষদের বৈঠকে সাইরাস মিস্ত্রিকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের কথা জানিয়ে টাটা গোষ্ঠীর মুখপাত্র জানান, দীর্ঘমেয়াদি স্বার্থের কথা ভেবেই এই পরিবর্তন। আপাতত দায়িত্ব নিচ্ছেন রতন টাটা। চার মাসের মধ্যে এই বাছাই কমিটি নতুন চেয়ারম্যান খুঁজে নেবে। সিদ্ধান্তের কথা ওই দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জানিয়ে দেন রতন টাটা। কর্মীদেরও তিনি একটা চিঠি লিখেছেন। তাতে বলেছেন, গোষ্ঠীর স্বার্থে স্থিতিশীলতার কথা ভেবেই তিনি এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন।
শিল্প মহলকে এখনো যে বিষয়টি ভাবাচ্ছে তা এই পরিবর্তনকে কেন্দ্র করেই। মাত্র চার বছরের মধ্যে ৪৮ বছরের সাইরাস মিস্ত্রিকে কেন সরে যেতে হলো, কী তার কারণ, প্রশ্ন তা নিয়েই। সংস্থার হিসাব অনুযায়ী, ২০১৫-১৬ সালে টাটা গোষ্ঠীর ব্যবসার পরিমাণ আগের অর্থবর্ষের চেয়ে ৫০০ কোটি ডলার কম হয়েছে, ঋণের বোঝাও বেড়েছে ১১০ কোটি ডলার। কিন্তু বিশ্ববাজারের মন্দার নিরিখে শুধু এটাই কারণ বলে অনেকেই মনে করতে রাজি নন। বরং মনে করা হচ্ছে, যে পদ্ধতিতে ও দৃষ্টিভঙ্গি নিয়ে সাইরাস গোষ্ঠী পরিচালনা করছিলেন, তা টাটা ট্রাস্টের অনেকেরই পছন্দসই ছিল না। তাঁর পরিচালন পদ্ধতি নিয়েও ট্রাস্টের সঙ্গে বনিবনা হচ্ছিল না। অলাভজনক ব্যবসা বন্ধের সিদ্ধান্তও তিনি নিচ্ছিলেন গোষ্ঠীর সামাজিক কর্তব্যের দিকে নজর না দিয়ে। চীনের সস্তার ইস্পাতের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে না উঠতে পেরে সম্প্রতি ব্রিটেনে জলের দরে ব্যবসা বিক্রির সিদ্ধান্ত নেন সাইরাস। বিক্রি করে দেন তাজ বোস্টন হোটেল, রতন টাটা যা কিনেছিলেন রিটজ কার্লটন গোষ্ঠীর কাছ থেকে। একই গোষ্ঠীর কাছ থেকে নিউইয়র্ক হোটেলও বিক্রির মুখে দাঁড়িয়ে। সাইরাস সম্পর্ক ছিন্ন করেন জাপানি টেলিকম সংস্থা ডোকোমোর সঙ্গেও। সে জন্য ডোকোমোকে ১২০ কোটি ডলার দিতে হয় টাটাকে। অথচ তাঁরই পূর্বসূরি রতন টাটা একের পর এক বিদেশি সংস্থা অধিগ্রহণের মধ্য দিয়ে টাটা গোষ্ঠীকে আক্ষরিক অর্থে বহুজাতিক করে তুলেছিলেন। গোটা বিশ্বে শতাধিক দেশে টাটা গোষ্ঠীকে তিনি ছড়িয়ে দিয়েছিলেন।
আচমকা বরখাস্ত হওয়া সাইরাস মিস্ত্রি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হতে পারেন বলে কোনো কোনো মহলের খবর। টাটা গোষ্ঠীও তৎপর। একতরফাভাবে কোনো আদালত যাতে সাইরাস বা তাঁর পরিবার শাপুরজি পালোনজি গোষ্ঠীর কোনো আবেদনে কোনো রকম নির্দেশ জারি করতে না পারে, সে জন্য টাটা গোষ্ঠীও বম্বে ও দিল্লি হাইকোর্ট এবং জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালে আবেদন জানিয়ে রেখেছে। অবশ্য শাপুরজি পালোনজি গোষ্ঠী গতকাল জানান, এখনই এমন কোনো সিদ্ধান্তের সম্ভাবনা তাঁদের দিক থেকে নেই।