টাটার 'বিস্তারা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাটা গোষ্ঠী এবার সিঙ্গাপুরের সঙ্গে নতুন বিমানসেবা শুরু করতে যাচ্ছে। এই সেবার নাম দেওয়া হয়েছে বিস্তারা।
বিস্তারার মুখ্য নির্বাহী কর্মকর্তা ফি টেক ইয়ো সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, আগামী সেপ্টেম্বর মাসে এই সংস্থার প্রথম এয়ারবাস এ-৩২০ এসে যাবে সংস্থার হাতে। তার পরই অক্টোবর থেকে শুরু হবে বিমান পরিষেবা।
টাটা গোষ্ঠীর টাটা সন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইনসের যৌথ উদ্যোগে তৈরি এই সংস্থায় টাটাদের অংশীদারি রয়েছে ৫১ শতাংশ আর সিঙ্গাপুর এয়ারলাইনসের ৪৯ শতাংশ।
প্রথম পর্যায়ে এই যৌথ বিমান পরিষেবা সংস্থায় বিনিয়োগ হবে ১০ কোটি ডলার বা ৬০০ কোটি রুপি। সংস্থার প্রধান কার্যালয় থাকবে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। এই সংস্থা ভারতের প্রতিযোগিতামূলক বাজারে কম দামে টিকিট ছাড়বে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। বিস্তারা বিমানে থাকবে খাবারদাবারের সুযোগ-সুবিধা থেকে সব ধরনের আধুনিক পরিষেবা।
এর আগে অবশ্য টাটা গোষ্ঠী ও মালয়েশিয়ার এয়ার এশিয়ার যৌথ উদ্যোগে ভারতে নতুন বিমান সংস্থা এয়ার এশিয়া-ইন্ডিয়া চালু হয়েছে। এই এয়ার এশিয়াও কম দামে টিকিট ছেড়ে অন্যান্য বিমান সংস্থাকে প্রতিযোগিতার বাজারে ঠেলে দিয়েছে।
এদিকে টাটা সন্সের গ্রুপ নির্বাহী পরিষদের সদস্য মুকুন্দ রাজন বলেছেন, এয়ার এশিয়া এবং বিস্তারা আলাদাভাবে বাজার ধরার চেষ্টা অব্যাহত রাখবে। একের সঙ্গে অন্যের প্রতিযোগিতা থাকবে না।
জানা গেছে, গত বছর ভারতের অভ্যন্তরীণ রুটে যাত্রীসংখ্যা ছিল ছয় কোটি। কর্মকর্তারা আশা করছেন, ২০২১ সালে এই যাত্রীসংখ্যা বেড়ে ১৭ কোটি ৫০ লাখে পৌঁছাবে।