টিপিপি বাতিল, চীনকে জয়ী করলেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশের অংশীদারি চুক্তি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। গত সোমবার এ-সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বছর নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ট্রাম্প দাবি করে আসছিলেন, চীনের বিনিয়োগ বাড়ায় আমেরিকানদের চাকরি ‘চুরি’ হয়ে যাচ্ছে। টিপিপি চুক্তি যুক্তরাষ্ট্রের ‘কর্মসংস্থান হত্যাকারী’ এবং ‘স্বার্থপরিপন্থী’। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন ট্রাম্প। এই সিদ্ধান্তের জন্য কোনো আইনপ্রণেতার পরামর্শ বা কংগ্রেসে কোনো ভোট নেওয়ার প্রয়োজন মনে করেননি নতুন প্রেসিডেন্ট।

ট্রাম্পের এ সিদ্ধান্ত চীন জয়ী হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওবামা প্রশাসনের ‘এশিয়ামুখী নীতির’ একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাবি করা হতো টিপিপিকে। এখান থেকে সরে আসায় বাণিজ্যিক চাবিকাঠি একরকম চীনের হাতেই তুলে দিলেন ট্রাম্প। এশিয়া অঞ্চলের বাজার দখলে এখন প্রাধান্য পাবে চীনা পণ্য। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাজারের চীনের একক আধিপত্য তৈরি হবে। এই চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার অর্থ হচ্ছে পৃথিবীর অর্ধেক বাজার হাতছাড়া করা।

ওয়াশিংটন পোস্টের খবরে জানানো হয়, গত বছর সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, ‘চীনের মতো দেশকে বিশ্ব অর্থনীতির নিয়মনীতি লেখার সুযোগ আমরা দিতে পারি না। আমরাই এ নীতি তৈরি করব।’ ওবামার এই বক্তব্যের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব অর্থনীতির লাগাম চীনের হাতে চলে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

কাউন্সিল অন ফরেন রিলেশনের জ্যেষ্ঠ ফেলো এডওয়ার্ড আলডিন বলেন, ট্রাম্পের এককভাবে এ নেওয়া সিদ্ধান্ত চীনের হাতে অপার সুযোগ তুলে দিল।

গণমাধ্যমকর্মী ওয়াইলান কিউ মুই বলেন, অর্থনীতিবিদেরা ট্রাম্পের কয়েকটি প্রস্তাব নিয়ে সতর্ক করেছেন। মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে শুল্ক বাড়ানো আমেরিকার অর্থনীতিকেই আঘাত করতে পারে। এর ফলে পণ্যমূল্য বাড়বে।

টিপিপি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় চীনের ওপর চাপ কমেছে বলে মনে করেন চীনের অর্থনীতিবিদেরা। বেইজিং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক বিশেষজ্ঞ টু জিংকুয়ান বলেন, এটা চীনের জন্য একটি ভালো সংবাদ হিসেবে গণনা করা যায়। টিপিপির চাপ আর নেই চীনের।

যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সময় ২০১৫ সালের অক্টোবরে তাঁর প্রচেষ্টায় ১২টি দেশের মধ্যে টিপিপি চুক্তি হয়। এতে স্বাক্ষর করা দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। বিশ্ব অর্থনীতির ৪০ শতাংশ এই দেশগুলোর দখলে। তবে চুক্তিটি এখনো কার্যকর হয়নি। মার্কিন কংগ্রেসও চুক্তি অনুসমর্থন করেনি।