টুইটারে বিনিয়োগ মাস্কের, বড় ধাক্কা টেসলার শেয়ারে

ইলন মাস্ক
ফাইল ছবি: রয়টার্স

ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের ঘোষণার পরে উদ্বেগ শুরু হয়েছে মাস্কের নিজের কোম্পানি টেসলার বিনিয়োগকারীদের মধ্যে। এতে কমতে শুরু করেছে টেসলার শেয়ারের দামও। খবর ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের
গত সোমবার ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নেওয়ার সমঝোতা করেন বিশ্বের শীর্ষ ধনী ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এর পরদিনই অর্থাৎ মঙ্গলবার টেসলার শেয়ারের দাম ১২ দশমিক ২ শতাংশ কমে গেছে। আর টুইটার কেনার ঘোষণার পর থেকে এখন পর্যন্ত টেসলার বাজার মূলধন কমেছে প্রায় ১২৬ বিলিয়ন বা ১২ হাজার ৬০০ কোটি ডলার।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, টুইটার কিনতে গিয়ে ইলন মাস্ক টেসলায় থাকা তাঁর ব্যক্তিগত শেয়ার বিক্রি করতে পারেন, এমন আশঙ্কা কাজ করছে টেসলার অন্য বিনিয়োগকারীদের মধ্যে। টুইটার কেনার দরপত্রে টেসলা সরাসরি যুক্ত না থাকলেও কোম্পানিটির শেয়ারের দাম কমেছে। এর কারণ, টেসলার প্রধান নির্বাহী ও বৃহত্তম শেয়ারহোল্ডার ইলন মাস্ক নিজেই।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলায় মাস্কের ২১ বিলিয়ন বা ২ হাজার ১০০ কোটি ডলারের বিনিয়োগ আছে। এ ছাড়া টেসলায় থাকা তাঁর শেয়ারের বিপরীতে আরও ১২ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ২৫০ কোটি ডলারের ঋণ আছে। এ জন্য টেসলার অন্য বিনিয়োগকারীদের আশঙ্কা, মাস্ক হয়তো এসব অর্থ টুইটার কেনার ক্ষেত্রে ব্যবহার করবেন।

আর্থিক সংস্থা ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভস বলেছেন, মাস্কের টুইটার কেনার ঘোষণার পরে টেসলার শেয়ারের বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে টেসলার শেয়ারের দামেও।

অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম ওন্ডার বিশ্লেষক এড মোয়া বলেছেন, যদি টেসলার শেয়ারের দাম এভাবে অবাধে কমতে থাকে, তাহলে তা টুইটারে ইলন মাস্কের অর্থায়নও হুমকির মুখে ফেলতে পারে।

এদিকে মাস্কের কাছে টুইটার বিক্রির ঘোষণার পর দাম কমেছে টু্ইটারের শেয়ারেরও। মঙ্গলবার টুইটারের প্রতিটি শেয়ারের দাম ৩ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৬৮ ডলারে। অথচ গত সোমবার প্রতিটি শেয়ার ৫৪ দশমিক ২০ ডলারে কেনার চুক্তি করেন মাস্ক।