টেক জায়ান্টদের ওপর নূন্যতম ১৫ শতাংশ কর খুবই কম: অক্সফাম
বহুজাতিক জায়ান্ট প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আরও বেশি কর আরোপ করার চুক্তির খুব কাছে চলে এসেছে জি-৭ জোটভুক্ত দেশগুলো। অর্থাৎ সর্বাধিক উন্নত অর্থনীতির অর্থমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের এমন একটি প্রস্তাবকে সমর্থন করেছেন, যাতে বহুজাতিক করপোরেশনগুলোর আয়ের ওপর কমপক্ষে ১৫ শতাংশ কর আরোপ করা যায়।
চুক্তি হলে গুগল, অ্যাপল ও আমাজনের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি জায়ান্ট ও বহুজাতিক কোম্পানিগুলোর কাছ থেকে আরও বেশি কর আদায় করা যাবে। গতকাল শনিবার লন্ডনে জি-৭ জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের ওই বৈঠক হয়। মহামারি শুরুর পর এই প্রথম এসব দেশের অর্থমন্ত্রীরা মুখোমুখি বসেছিলেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তবে এই ১৫ শতাংশ করের হার খুব কম বলে মনে করছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। তারা বলছে, এই ১৫ শতাংশে সম্মত হওয়ায় খুব বেশি পার্থক্য তৈরি হবে না।
গতকাল শনিবারের ওই বৈঠকের আয়োজক ছিলেন যুক্তরাজ্যের চ্যান্সেলর ঋষি সুনাক। তিনি বলেন, এই চুক্তিটি একবিংশ শতাব্দীর জন্য একটি সুদৃঢ় কর ব্যবস্থা তৈরি করবে।’ তিনি আরও বলেন, জি-৭ জোটভুক্ত দেশের অর্থমন্ত্রীরা বছরের পর বছর আলোচনার পর বৈশ্বিক কর ব্যবস্থার সংস্কার ও বৈশ্বিক ডিজিটাল যুগের উপযোগী একটি ঐতিহাসিক চুক্তির জন্য সম্মত হয়েছেন। তাঁরা এটি নিশ্চিত করতে চান যে করের মাধ্যমে সংস্থাগুলো ঠিক অর্থ প্রদান করছে।
মনে করা হচ্ছে এতে ‘ট্যাক্স হ্যাভেন’ হিসেবে পরিচিত নিম্ন করের দেশগুলোতে কোম্পানিগুলোর মুনাফা স্থানান্তরের পদক্ষেপ নিরুৎসাহিত হবে। যদি চুক্তিটি চূড়ান্ত হয়, তবে এটি বিশ্বব্যাপী করের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নের প্রতিনিধিত্ব করবে। তবে দাতব্য সংস্থাটি মনে করছে যে করের হার নির্ধারণ করা হয়েছে তা খুবই কম, ফলে সে লক্ষ্যে এটা করা হচ্ছে তা পূরণ হবে না।
জি-৭ জোটভুক্ত দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
বৈঠকে জার্মান অর্থমন্ত্রী ওলাফ শুলজ চুক্তিটি হওয়ার বিষয়ে পুরো আশাবাদ ব্যক্ত করে বলেন, চুক্তিটি স্বাক্ষর হলে বিশ্ব বদলে যাবে। ১৫ শতাংশ কর আরোপ করা গেলে মহামারির কারণে তৈরি হওয়া ঋণ পরিশোধে সাহায্য পাওয়া যাবে।
ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মাইরে বলেন, এর আগে ইউরোপের দেশগুলো নতুন আন্তর্জাতিক কর ব্যবস্থার বিরোধিতা করেছে। তবে এবার তাদের অবশ্যই বুঝতে হবে যে এ চুক্তি বড় ধরনের সুযোগ উন্মোচন করবে।
তবে অক্সফামের নির্বাহী পরিচালক গ্যাব্রিয়েলা বুচার এই বিষয়ে এক প্রতিক্রিয়ায় বলছেন, জি সেভেন দাবি করছে তারা কর ব্যবস্থার পরিবর্তন করে একটি নতুন ন্যূনতম করপোরেট করের হার নির্ধারণ করছে। অথচ এটি আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরের কর সুরক্ষা দেওয়া দেশগুলোর হারের মতোই হচ্ছে।
তিনি বলেন, যে এই চুক্তিটি অন্যায্য কারণ এর মাধ্যমে দরিদ্র দেশগুলির ব্যয়ে জি-৭ জোটভুক্ত দেশগুলো উপকৃত হবে। এসব দেশে অনেক বড় সংস্থার সদর দপ্তর রয়েছে।
অন্যদিকে ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের চিফ এক্সিকিউটিভ অ্যালেক্স কোবহাম এই চুক্তিকে "টার্নিং পয়েন্ট" হিসাবে অভিহিত করলেও তিনি মনে করেন চূড়ান্ত অন্যায্যতা এখনো রয়ে গেছে।
বছরের পর বছর ধরে জায়ান্ট প্রযুক্তি কোম্পানিগুলো নিজ দেশের উচ্চ হারের কর এড়াতে নিম্ন হারের কর স্বর্গ হিসেবে পরিচিত অফশোর দেশগুলোতে যায়। এ চুক্তির ফলে সেই প্রবণতা কমবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আট বছর ধরেই এ নিয়ে আলোচনা চলছিল। কয়েক মাস আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নতুন একটি প্রস্তাবের ফলে এ আলোচনা নতুন মোড় নেয়। গুগল, অ্যাপল, আমাজন ও ফেসবুকের মতো বহুজাতিক কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক হলেও তারা জি৭ জোটের দেশগুলোর সঙ্গে বৈশ্বিক করারোপের বিষয়ে একমত। আগামী মাসে চীন ও ভারতসহ জি-২০ সম্মেলনে এই চুক্তি বিবেচনা করা হবে।