
দারিদ্র্যকে শূন্যের কোঠায় নামিয়ে আনাসহ পৃথিবীকে রক্ষা এবং সবার জন্য সমৃদ্ধি নিশ্চিত করতে জাতিসংঘ ১৭টি টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) অনুমোদন করেছে। ২০৩০ সালের মধ্যে এসব লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি মূল লক্ষ্যের সঙ্গে আরও কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করা হয়েছে। এসডিজি লক্ষ্যসমূহ প্রথম আলোতে প্রকাশ করা হচ্ছে। আজ তুলে ধরা হলো তৃতীয় লক্ষ্য—সুস্বাস্থ্য।
টেকসই উন্নয়নের স্বার্থে সুস্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধি এবং জীবনঘাতী বিভিন্ন রোগ প্রতিরোধের মাধ্যমে শিশু ও প্রসূতি মায়ের মৃত্যুহার কমিয়ে আনতে গত দুই দশকে অনেক সাফল্য এসেছে সারা বিশ্বে। উন্নতি হয়েছে সুপেয় পানি, স্যানিটেশনের ক্ষেত্রেও। ম্যালেরিয়া, যক্ষ্মা, পোলিও এবং এইচআইভি এইডসের মতো রোগের বিস্তার প্রতিরোধে সাফল্য এলেও এসব রোগে মৃত্যু পুরোপুরি বন্ধ হয়নি। তাই জাতিসংঘ মনে করছে, মৃত্যু বন্ধে এখনো অনেক দূর যেতে হবে বিশ্বকে। পাশাপাশি স্বাস্থ্য খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
বিশ্বজুড়ে শিশুমৃত্যুর উচ্চহারকে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বে এখন প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী ৬০ লাখ শিশু মারা যায়। বিশেষ করে সাব-সাহারান আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যুর এ হার অনেক বেশি।
১৯৯০ সালের পর থেকে বিশ্বে মাতৃত্বকালীন মৃত্যুর সংখ্যা ৫০ শতাংশ কমে এসেছে। পূর্ব এশিয়া, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় এমন মৃত্যুর সংখ্যা দুই-তৃতীয়াংশ কমে গেছে। উন্নয়নশীল বিশ্বের নারীদের ৫০ শতাংশ প্রয়োজনীয় হারে চিকিৎসাসেবা পান।
২০১৩ সাল শেষে বিশ্বে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫০ লাখ। এ সময়ে বিশ্বজুড়ে ২ লাখ ৪০ হাজার শিশু নতুন করে এইচআইভি সংক্রমণের শিকার হয়েছে। আফ্রিকায় ১০ থেকে ১৯ বছর বয়সী জনগোষ্ঠীর মৃত্যুর প্রধান কারণই এইডস। আর সারা বিশ্বে এমন বয়সের জনগোষ্ঠীর মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এইডস। যক্ষ্মা ও ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে অনেক সাফল্য এলেও উন্নয়নশীল বিশ্বে এ দুটি রোগে মৃত্যুর হার এখনো বেশি।
লক্ষ্যসমূহ:
- ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুহার ৭০-এ নামিয়ে আনা (প্রতি লাখে)।
- ২০৩০ সালের মধ্যে সদ্য জন্ম নেওয়া শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ১২ ও পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ২৫-এ নামিয়ে আনা।
- ২০৩০ সালের মধ্যে এইডস, যক্ষ্মা, ম্যালেরিয়ার পাশাপাশি অবহেলিত উষ্ণমণ্ডলীয় রোগ, হেপাটাইটিস, পানিবাহিত ও অন্যান্য ছোঁয়াচে রোগমুক্ত পৃথিবী গড়ে তোলা।
- মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ ও চিকিৎসাব্যবস্থা জোরদার করা।
- ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা। ২০৩০ সালের মধ্যে সবার জন্য পরিকল্পিত পরিবার পরিকল্পনা নিশ্চিত করা।
- বিশ্বব্যাপী সবার জন্য উন্নত চিকিৎসা, ওষুধের সরবরাহসহ সর্বজনীন চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা। ২০৩০ সালের মধ্যে বায়ু, পানি, মাটিসহ পরিবেশদূষণজনিত মৃত্যু ও অসুস্থতার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাঠামো অনুযায়ী বিশ্বের সব দেশে তামাকের ব্যবহার নিয়ন্ত্রিত করা।
- বিভিন্ন রোগের প্রতিষেধক তৈরিতে গবেষণা কার্যক্রমে সাহায্য-সহযোগিতা বাড়ানো। ট্রিপস চুক্তির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর জনগণের জন্য ওষুধ ও প্রতিষেধক প্রাপ্তি নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ।
- স্বাস্থ্য খাতের উন্নয়নে অর্থায়ন বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ। উন্নয়নশীল, বিশেষ করে স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর স্বাস্থ্য খাতের মানবসম্পদ উন্নয়নে ব্যবস্থা গ্রহণ।
- উন্নয়নশীল দেশগুলোসহ বিশ্বের সব দেশের স্বাস্থ্যবিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক ঝুঁকি মোকাবিলার সামর্থ্য বাড়ানো।