টেমসের আদলে গঙ্গা পরিষ্কার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের টেমস নদী
লন্ডনের টেমস নদী

গঙ্গার ক্রমবর্ধমান দূষণ রোধে লন্ডনের টেমস নদী পরিষ্কারের উদাহরণকে সামনে এনে এগোনোর পরিকল্পনা হাতে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই গঙ্গা নদী পরিষ্কার কার্যক্রমকে একটি অন্যতম অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে গ্রহণ করেছে তাঁর সরকার।
গঙ্গাবিধৌত পবিত্র শহর বেনারস থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথম এই শহরের দশাশ্বমেধ ঘাটে তিনি পূজায় অংশ নেন। তখনই গঙ্গা পরিষ্কার কর্মসূচির ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। এই নদীটি হিমালয় থেকে শুরু হয়ে শেষ হয়েছে বাংলাদেশের বঙ্গোপসাগরে।
গত মে মাসে মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর পরই গঙ্গা পরিষ্কার নিয়ে আলোচনা শুরু হয়। গত মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গঙ্গা নদী পরিষ্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী।
এ প্রসঙ্গে নিক ক্লেগ বলেন, ‘গঙ্গার পরিষ্কারসহ পরিবেশ এবং বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনসহ অন্যান্য বিষয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। টেমস নদী পরিষ্কার করার উদাহরণ এ ক্ষেত্রে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও কথা হয়েছে আমাদের।’
ক্লেগ আরও বলেন, টেমস একসময় খুবই দূষিত ছিল, কিন্তু এখন তা অনেকটাই পরিষ্কার। একইভাবে গঙ্গাকেও পরিষ্কার করা সম্ভব। তবে এটি কিছুটা জটিল, কারণ গঙ্গা অনেক বড় নদী।
গঙ্গা বিশ্বের অন্যতম দীর্ঘ একটি নদী। এর দৈর্ঘ্য দুই হাজার ৫০০ কিলোমিটার, যেখানে টেমস নদীর দৈর্ঘ্য মাত্র ৩৪৫ কিলোমিটার। মনুষ্যবর্জ্য, শিল্পবর্জ্য, কৃষিতে ব্যবহৃত রাসায়নিকসহ সব ধরনের শিকার এই নদী টেমসের চেয়ে প্রায় আট গুণ বড়। স্বাভাবিকভাবেই গঙ্গার পরিষ্কার প্রক্রিয়াটি হবে অনেক কঠিন ও জটিল।
ভারতে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি ওনো রুল গঙ্গাদূষণকে ইউরোপের পাঁচটি দেশে প্রবাহিত রাইন নদীর সমস্যার সঙ্গে তুলনা করেছেন। এক হাজার ২৩৩ কিলোমিটার দীর্ঘ রাইন নদী পরিষ্কার করতে খরচ হয়েছিল চার হাজার কোটি ইউরো। তিনি বলেন, ‘গঙ্গা রাইন থেকেও অনেক বড়। এটি পরিষ্কার করতে খরচ তাই রাইনের চেয়ে কম হবে, তা আশা করা যায় না।’
বৈশ্বিক আবহাওয়া পরিবর্তন রোধে নরেন্দ্র মোদি যেসব উদ্যোগ নিয়েছেন, তা নিক ক্লেগকে অনেকটাই আশাবাদী করে তুলেছে।
উল্লেখ্য, বাংলাদেশেও নদীদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষজ্ঞ ও পরিবেশবিদেরা বলছেন, ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদীর তলদেশে পলিথিনের কয়েক ফুট আস্তর জমেছে। পরিবেশ বাঁচাও আন্দোলন এ বছরের জানুয়ারিতে বুড়িগঙ্গায় দূষণের মাত্রা কতটা বেড়েছে তার একটা পরীক্ষা করে। এতে বলা হয়, নদীটিতে প্রতি লিটারে দূষণের মাত্রা ছিল সর্বোচ্চ দশমিক ৪০ মিলিগ্রাম। গত বছর একই সময়ে পরিবেশ অধিদপ্তরের পরীক্ষায় দূষণের মাত্রা ছিল সর্বোচ্চ দশমিক ৩৮ মিলিগ্রাম।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস