ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন শুরু আজ
ট্রাম্প, চিন পিং ও ব্রেক্সিটের প্রভাবই হবে বেশি

সুইজারল্যান্ডের দাভোসে আজ মঙ্গলবার শুরু হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলন। সংস্থাটির এবারের সম্মেলনে কর্তৃত্বের কলকাঠি কার হাতে থাকবে, এ নিয়ে ইতিমধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
তবে বিশ্বের অনেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ব্যবসায়ী নেতারা যোগ দিলেও ডব্লিউইএফের এবারের আসরে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও যুক্তরাজ্যের ব্রেক্সিট নামের গণভোটের রায়ই মূল চরিত্র হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
ডব্লিউইএফ প্রতিষ্ঠার ৪৭ বছরের ইতিহাসে সি চিন পিংই চীনের প্রথম প্রেসিডেন্ট হিসেবে সংস্থাটির বার্ষিক সম্মেলনে যোগ দিচ্ছেন। তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনেই বক্তব্য দেবেন মুক্ত বাণিজ্য প্রতিরক্ষণের বিষয়ে। বর্তমান বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে চীন বড় শক্তি হয়ে ওঠায় সম্মেলনে চিন পিংয়ের ভূমিকা বিষয়ে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন অন্যরা। এ ছাড়া বিশ্বে চীনা নেতৃত্ব জোরদার করার লক্ষ্য নিয়ে তিনি দাভোসে গেছেন বলে মনে করা হচ্ছে।
সি চিন পিং আজই দাভোসে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠক করবেন।
এ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার দাভোস গেছেন।
আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প নিজে অবশ্য ডব্লিউইএফের সম্মেলনে যাচ্ছেন না। তাঁর উপদেষ্টা অ্যান্থনি স্কারামুচ্চি সম্মেলনে আজ যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা তুলে ধরবেন।
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় থেকে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির বিপক্ষে কথা বলায় এবং চীনা পণ্য আমদানির ক্ষেত্রে উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে আসায় তাঁর ভূমিকা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
অন্যদিকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সম্মেলন চলাকালে ট্রাম্প তথা মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
ডব্লিউইএফের এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনীতিতে ব্রেক্সিটের প্রভাবসংক্রান্ত করণীয় নিয়েও আলোচনা হতে পারে। কারণ এ বিষয়ে ইতিমধ্যে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটিশ এক্সিট তথা যুক্তরাজ্যের বেরিয়ে আসার বিষয়ে (যা ব্রেক্সিট নামে পরিচিত) গণভোট অনুষ্ঠিত হয়। এর পক্ষে দেশটির ৫১ দশমিক ৯ শতাংশ ভোটার ভোট দেন। বিবিসি অবলম্বনে।